২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ষদ মেয়াদোত্তীর্ণ: শিক্ষকদের বেতন তুলতে যা করতে হবে

কোভিড-১৯ মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় যেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের (এসএমসি) মেয়াদ শেষ হয়েছে, তারা কীভাবে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা তুলবেন তা নিয়ে নির্দেশনা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 04:58 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

আন্তঃশিক্ষা বোর্ড বলছে, যেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের মেয়াদ শেষ হয়েছে তারা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা সদরে জেলা প্রশাসকের (ডিসি) প্রতিস্বাক্ষরে তুলতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সম্বয়ন সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা তুলতে পরিচালনা পর্যদের সভাপতির স্বাক্ষর লাগে।

“কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।”

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার ২৬ মার্চ থেকে অফিস-আদালত বন্ধ রেখেছে। আর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে ১৭ মার্চ থেকে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার এক আদেশে বলছে, দেশে মারাত্মক সংক্রমণ পরিস্থিতি চলমান থাকায় সাধারণ ছুটি চলছে।

“এই সময়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গর্ভনিং বডির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা পুনরায় এই কমিটি গঠন করা সম্ভব হয়নি বা কমিটির কার্যক্রম স্থগিত আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলণের স্বার্থে প্রতিষ্ঠানের বিলে সংশ্লিষ্ট উপজেলার ক্ষেত্রে ইউএনও এবং জেলা সদরে ডিসির প্রতিস্বাক্ষরে বেতন-ভাতা তোলা যাবে।”

সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।