ঢাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
ঢাকার বনানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যাকে মাদক ব্যবসায়ী বলা হচ্ছে।
বৃহস্পতিবার রাত ১২টার পর বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে এই ‘গোলাগুলি’ হয় বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জানান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলিল নামের ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা আছে।
“সে দীর্ঘদিন এলাকায় থাকত না। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছিল।”
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন কর্মকর্তা ঘটনা সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বনানী টিঅ্যান্ডটি মাঠের কাছে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তখন র্যাবও পাল্টা গুলি করে।
“এতে দেড় ডজন মামলার আসামি মাদক ব্যবসায়ী নিহত হয়।”
