২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের ভালো দাম পাচ্ছে কৃষক, দাবি কৃষিমন্ত্রীর

বোরো ধান ঠিকমত ঘরে তোলার পর এই ধান বিক্রি করে কৃষকরা ভালো দাম পাচ্ছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 05:49 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

ধানের দাম ও কৃষির সম-সাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

চলতি বোরো মৌসুমে হাওরের শতভাগ এবং সারা দেশের ৪৮ শতাংশ ধান কেটে কৃষকরা ঘরে তুলেছেন বলেও জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, “বোরো আমাদের প্রধান ফসল, দ্বিতীয় আমন, তৃতীয় আউশ। দেশে দেড় কোটি টনের মত আমন ধান উৎপাদন হয়, আউশ উৎপাদন হয় ৩০ লাখ টন। মোট উৎপাদনের ৬০ শতাংশ ধান আসে বোরো থেকে। এজন্য বোরোর উৎপাদন বাড়াতে আমরা আগেই সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলাম।”

এবার ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হওয়ার কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “হাওরে শতভাগ এবং সারাদেশে ৪৮ শতাংশ ধান কর্তন শেষ হয়েছে। কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছে।

“তবে অঞ্চলভেদে ধানের দামে কিছুটা তারতম্য রয়েছে। এছাড়া ভেজা ও শুকনো ধান এবং মোটা ও চিকন ধানের দামেও পার্থক্য রয়েছে।”

রাজ্জাক বলেন, অঞ্চলভেদে প্রতি মণ ধান ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এবার ধানের যে দাম আছে তা মোটামুটি যুক্তিসঙ্গত। আমরা সব সময় চাই ধান-চালের দাম এমন একটা অবস্থায় থাকবে যাতে কৃষকও খুশি থাকবে। সাথে সাথে যারা নিম্ন আয়ের মানুষ তারাও একটা যুক্তিসঙ্গত দামের ভিত্তিতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

“আমি মনে করি আমরা এ বছর এমন একটা অবস্থার মধ্যেই আছি। কৃষকও দামের দিক দিয়ে মোটামুটি খুশি আছে, অন্যদিকে বাজারে ধান-চালের দামও মোটামুটি যুক্তিসঙ্গত।”

সরকারিভাবে পুরোদমে ধান-চাল কেনা শুরু হলে ধানের দাম আরও বাড়বে বলে মনে করছেন কৃষিমন্ত্রী।

কোন অঞ্চলে ধানের দাম কেমন

দেশের বিভিন্ন অঞ্চলের বর্তমানে যে দরে ধান বিক্রি হচ্ছে সংবাদ সম্মেলনে তা বিস্তারিতভাবে তুলে ধরেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, হাওর অঞ্চলের সিলেট জেলায় বর্তমানে ভেজা ধান ৭০০-৭৫০ টাকা ও শুকনা ধান ৮০০-৮৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মৌলভীবাজারে ভেজা ধান ৬৫০-৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০-৮০০ টাকা, হবিগঞ্জে ভেজা ধান ৬৫০-৭০০ টাকা ও শুকনা ধান ৭৫০-৮০০ টাকা, সুনামগঞ্জে ভেজা ধান ৬৫০-৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০-৮০০ টাকা এবং নেত্রকোণায় ভেজা মোটা ধান ৬৫০-৬৮০ টাকা ও চিকন ধান ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

কুমিল্লা অঞ্চলে ৭৭ শতাংশ ধান কাটা শেষ হওয়ার তথ্য দিয়ে রাজ্জাক বলেন, কুমিল্লা জেলায় মোটা ধান ৮০০-৮৫০ টাকা ও চিকন ধান ৯০০ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ভেজা ধান ৬০০-৭০০ টাকা ও শুকনা ধান ৮০০ টাকা এবং চাঁদপুরে মোটা ধান ৮০০-৮৫০ টাকা ও চিকন ধান ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

মন্ত্রী জানান, খুলনা অঞ্চলের ৭৩ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। খুলনা জেলায় মোটা ধান ৭৬০-৭৭০ টাকা ও চিকন ধান ৮৮০- ৯০০ টাকা, বাগেরহাটে মোটা ধান ৭০০-৭৫০ টাকা ও চিকন ধান ৮৫০- ৯০০ টাকা এবং সাতক্ষীরায় মোটা ধান ৮০০-৮২০ টাকা ও চিকন ধান ৯০০- ৯২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

ময়মনসিংহ অঞ্চলেও কৃষকেরা ধানের ভাল দাম পাচ্ছেন জানিয়ে রাজ্জাক বলেন, শেরপুর জেলায় প্রতি মণ মোটা ধান ৬৫০-৭০০ টাকা ও চিকন ধান ৭০০- ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ময়মনসিংহে মোটা ধান ৭৫০-৮০০ টাকা ও চিকন ধান ৮৫০- ৯০০ টাকা এবং জামালপুরে মোটা ধান ৬৫০-৭৫০ টাকা ও চিকন ধান ৮৫০- ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

কৃষিমন্ত্রী জানান, যশোর অঞ্চলে ৬২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলায় মোটা ধান ৮৫০-৯০০ টাকা ও চিকন ধান ৯০০- ১০৫০ টাকা এবং কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় মোটা ধান ৬৫০-৭৫০ টাকা ও চিকন ধান ৮৫০- ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বরিশাল অঞ্চলের পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলায় প্রতি মণ ধান ৮২০-৮৫০ টাকা এবং দিনাজপুরে ভেজা ধান ৬৭৫-৭০০ টাকা ও শুকনা ধান ৭৭৫- ৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে রাজশাহী জেলায় প্রতি মণ ভেজা ধান ৮০০-৮৫০ টাকা, নওগাঁয় মোটা ধান ৬০০-৬৫০ টাকা ও চিকন ধান ৮৫০-৯০০ টাকা, রংপুরে ভেজা ধান ৬৮০-৭০০ টাকা ও শুকনা ধান ৮১০-৮২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে বলে জানান কৃষিমমন্ত্রী।

তিনি বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মোতাবেক খাদ্য উৎপাদন বাড়াতে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. আবদুর রৌফ এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।