দেশে ফিরলেন আরও ১৯৭ থাই নাগরিক
নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থায় ঢাকা ছেড়েছেন থাইল্যান্ডের আরও ১৯৭ জন নাগরিক।
বৃহস্পতিবার সকাল ১১টায় থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে নাগরিকরা দেশের পথে রওনা হন বলে ঢাকায় দেশটির দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফোথং হামফ্রেইস ও দূতাবাসের কর্মকর্তারা।
এছাড়া আরও নাগরিককে দেশে ফেরাতে আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
থাই নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে সর্বাত্মক সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে থাই দূতাবাস।
