২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে মৃত সহকর্মীদের পরিবারকে পুলিশ প্রধানের উপহার

করোনাভাইরাস সংক্রমণে এবং কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া প্রত্যেক পুলিশ সদস্যের পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:04 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

করোনাভাইরাস সংক্রমণে মারা যাওয়া ৭ পুলিশ সদস্য এবং ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া ১৯১ পুলিশ সদস্যের পরিবারের কাছে বুধবার খাদ্যদ্রব্য ও ঈদের পোশাক পাঠানো হয়।

প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, যারা দায়িত্ব পালনকালে মারা যান তাদের স্মরণে প্রতি বছরের ১মার্চ সদর দপ্তরসহ প্রতিটি ইউনিটে 'পুলিশ মেমোরিয়াল ডে' পালন করা হয়ে থাকে। পুলিশ সদরদপ্তরের কল্যাণ শাখা থেকে এসব সদস্যদের পরিবারের নিয়মিত খোঁজখবর নেওয়া হয় থাকে।

কোভিড-১৯ আক্রান্তদের উপহার

ঢাকা মহানগরীর গুলশান বিভাগে দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হওয়া ৩২ পুলিশ সদস্যকে উপহার পাঠানো হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, “আমরা তাদের পাশে থাকতে চাই। তারা যেন নিজেদের এই পরিস্থিতিতে একা মনে না করেন, সেজন্য কাজ করছি।”

গুলশান বিভাগে দায়িত্ব পালন করতে গিয়ে কনস্টেবল থেকে অতিরিক্ত উপ কমিশনার পর্ন্ত ৩২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।

বুধবার সকাল থেকে গুলশান বিভাগের পুলিশ সদস্যরা তাদের সহকর্মীদের মধ্যে যারা হাসপাতালে রয়েছেন তাদের হাসপাতালে গিয়ে, যারা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তাদের বাড়িতে গিয়ে হরেক রকমের মৌসুমী ফল পৌঁছে দেন। 

পাশাপাশি আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে যাদের প্রয়োজন,তাদের বাড়িতে চাল, ডাল, ছোলা, আলু, চিনি,দুধসহ ইফতারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও পৌঁছে দেওয়া হয়।

সুদীপ চক্রবর্তী জানান, এই সঙয্কটকালে কর্মহীন, অসহায়, দুস্থ কিংবা মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না, এরকম প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে গুলশান পুলিশ।

এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য দুস্থকে রান্না করা খাবার বিতরণ করার কথাও জানান তিনি।