যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান মোমেন
করোনাভাইরাসের ধাক্কা বিবেচনায় নিয়ে আগামী দুই বছর বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমু্ক্ত প্রবেশাধিকার দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়।
মহামারীর এই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল না করে সেজন্য দেশটির সরকারের সহায়তাও চেয়েছেন মোমেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রে ভাসমান মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার।
ট্রাম্পের সহকারীকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়। অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া।
একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
মোমেন বলেন, “বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রসমূহের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানাই।”
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ দিতেও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মোমেন।
তিনি জানান, দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তাছাড়া বাংলাদেশে তৈরি হতে যাওয়া ২৮টি আইটি পার্কেও বিনিয়োগের সুযোগ রয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে; হিংসাত্মক এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
“বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এ সমস্ত চিকিৎসা সামগ্রী আরও বেশি পরিমাণে আমদানি করতে পারবে। বাংলাদেশের ঔষধ সামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করতে পারে।”
