সংবাদমাধ্যমগুলোর শত শত কোটি টাকা বিল পরিশোধের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
করোনাভাইরাস সংকটের মধ্যে সাংবাদিকদের বেতন-ভাতা যাতে মালিকপক্ষ সময়মতো পরিশোধ করে সেজন্য সরকারি সব দপ্তরকে সংবাদমাধ্যমের বিল দিতে তাগাদা দেওয়া হয়েছে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ক্রোড়পত্রের বিল দেওয়ার ব্যবস্থা করছি আমরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে বলা হয়েছে, তাদের সংস্থা থেকে গণমাধ্যমের যত বিল বাকি আছে সেগুলো পরিশোধের জন্য। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি তাগিদপত্র দেওয়া হচ্ছে।
“এসব বিলের পরিমাণ শত শত কোটি টাকা। মালিকপক্ষ নিশ্চয়ই যোগাযোগ রাখছেন ও তারা সহসাই বিল পাবেন।”
এর আগে কখনও সংবাদমাধ্যমের বকেয়া বিল পরিশোধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সরকারি দপ্তরগুলোতে এভাবে চিঠিও দেওয়া হয়নি। এখন দেওয়া হয়েছে যাতে গণমাধ্যম বিশেষত সংবাদপত্রে কারও বেতন-ভাতা বকেয়া না থকে সেজন্য।”
এই সময়ে গণমাধ্যমকর্মীদের কাউকে যেন চাকুরিচ্যুত করা না হয় এবং সবার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয় সেজন্য মালিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “করোনাভাইরাস দুর্যোগ পরিস্থিতির মধ্যেও আমরা দুঃখের সাথে লক্ষ করছি, কিছু মিডিয়া হাউজে চাকুরিচ্যুতি ঘটেছে, অনেকের বেতন দেওয়া হয়নি। আমি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন- এদের কর্ণধারদের প্রতি বিনীত অনুরোধ জানাই, মহামারীর এই দুঃসময়ে দয়া করে কাউকে চাকুরিচ্যুত করবেন না এবং যাদের বেতন বাকি আছে, তা দিয়ে দিন।
“কারও অপরাধ থাকলেও শাস্তি দেবার সময় এটি নয়। প্রতিষ্ঠান প্রধানরা হয়ত বলবেন, সমস্যা আছে। কিন্তু আমি বলব, আগে সমস্যা ছিল না এবং কয়েক মাস পরেও সমস্যা থাকবে না।”
তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকদের বিপদে আপদে সাহায্য করা ও কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। আমিও সব সময় আপনাদের সাথে রয়েছি।”
মন্ত্রী এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বপালনরত সবাইকে অভিনন্দন জানান।
সম্প্রতি প্রয়াত তিন সাংবাদিকের আত্মার শান্তি কামনা এবং করোনাভাইরাসে আক্রান্ত প্রায় একশ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, “গণমাধ্যমকর্মীরা জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে যেমন সম্মুখভাগে কাজ করছে, তেমনি গুজব নিরসনেও সোচ্চার ভূমিকা রাখছে, তাদেরকে অভিনন্দন।”
ডিআরইউতে ব্র্যাকের সহায়তায় করোনাভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ও কোভিড-১৯ রেসপন্স প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. ইকবাল কবীর, আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর, ডিআরইউ’র সহ-সভাপতি নজরুল কবীর।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তর ও আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে দেওয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ডিআরইউ নেতৃবৃন্দের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।
