বাড্ডায় গৃহকর্মীকে ধর্ষণের মামলায় গৃহকর্তা কারাগারে
রাজধানীর বাড্ডায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার গৃহকর্তা তহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তহিদুলকে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করে বিচারক শাহিনুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আদেশ দেন বিচারক।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমর্কর্তা এস আই জালাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের কোনো আবেদন ছিল না। আসামির পক্ষেও কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।
বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর গত শুক্রবার তহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, তহিদুলের স্ত্রী বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল ১৪ বছর বয়সী ওই কিশোরী।
স্ত্রী যখন বাসায় থাকতেন না, সেই সুযোগে মেয়েটিকে ‘নিয়মিত ধর্ষণ’ করে আসছিলেন তহিদুল। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন তহিদুল ইসলামের বিরুদ্ধে বাড্ডা থানায় এই মামলা দায়ের করা হয়।
