২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাৎ: আরো তিন জনপ্রতিনিধি বরখাস্ত

করেনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জেলেদের বিতরণের চাল আত্মসাৎ করার ঘটনায় তিনজন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 06:22 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্যকে বরখাস্ত করে বৃহস্পতিবার পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাতের জন্য ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ মোট ৫২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

মৎস্য ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপনকে বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগে কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীও বরখাস্ত হয়েছেন।

এই চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে স্থানীয় সরকার বিভাগ তাদের সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে।

কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে নোটিস দেওয়া হয়েছে তাদের।