ঘুষের অভিযোগ, এমপিও কার্যক্রমে নজর দিচ্ছে দুদক
সরকারের দুই প্রজ্ঞাপনে এমপিওভুক্ত আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষকদের বেতনের পথ খুলেছে, তাদের কাগজপত্র পরীক্ষার নামে কোনো কোনো শিক্ষা কর্মকর্তা ঘুষ দাবি করছেন বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওইসব ‘অসাধু কর্মকর্তাদের’ ঘুষ-দুর্নীতি-হয়রানি সহ্য করা হবে না জানিয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রয়োজনে তাদেরকে ফাঁদ পেতে গ্রেপ্তার করা হবে।
নতুন করে এমপিওভুক্তির ছয় মাস পর গত ২৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ৩০ এপ্রিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পৃথক দুই প্রজ্ঞাপনে দুই হাজার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কোড দেওয়া হয়।
এরপর থেকে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শুরু করে সংশ্লিষ্ট উপজেলা, জেলা এবং আঞ্চলিক শিক্ষা অফিস।
এ বিষয়ে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমপিও কোড পাওয়া শিক্ষকদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার নামে কোনো কোনো উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক শিক্ষা অফিসসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ঘুষ দাবি করছেন; এমন অভিযোগ এসেছে কমিশনে।
এছাড়া দুদকের গোয়েন্দা বিভাগও এমন অভিযোগ পাওয়ার বিষয়ে কমিশনকে অবহিত করেছে বলে জানান তিনি।
এসব অভিযোগ যেন ‘সহ্য করা না হয়’ সেই বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিশনের গোয়েন্দা অনুবিভাগ, সকল সমন্বিত জেলা কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের এক বার্তা দিয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা প্রণব।
বার্তায় চেয়ারম্যান তার কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেছেন, “শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম-হয়রানি কমিশন সহ্য করবে না।”
দুদকের ২২ সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা উদ্দেশে বার্তায় ইকবাল মাহমুদ বলেন, “এই এমপিওভুক্তিকরণ কার্যক্রম নিবিড় নজরদারি করবেন। কোনো অবস্থাতেই কোনো অযোগ্য শিক্ষক যেন ঘুষ প্রদানের মাধ্যমে এমপিওভুক্ত হতে না পারেন।
“আবার কোনো যোগ্য শিক্ষক-কর্মচারীর নিকট থেকে সংশ্লিষ্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী যাচাই-বাছাইয়ের নামে ঘুষ গ্রহণ করার সুযোগও যেন না পায়। এ কার্যক্রম এমনভাবে মনিটরিং করতে হবে, যাতে কারো পক্ষে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়ার সুযোগ না থাকে।”
প্রয়োজনে ফাঁদ পেতে অপরাধীদের আইন-আমলে নিয়ে আসতে নির্দেশ দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “এক্ষেত্রে দুর্নীতি দমন আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। সবাইকে মনে রাখতে হবে ঘুষ নেওয়া যেমন ফৌজদারি অপরাধ, তেমনি ঘুষ দেওয়াও একই জাতীয় সমান অপরাধ। এ অপরাধে যারাই সম্পৃক্ত হবেন তাদেরকে আইনের মুখোমুখি করা হবে।”
২০১৯ সালের ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হচ্ছে।
এর আগে সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
