২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির ১৭ সদস্য কারাগারে

রাজধানীর কাকরাইল মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার জেএমবির ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 07:02 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানিয়েছেন।

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এই সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।এই পুলিশ কর্মকর্তা বলেছেন, অবরুদ্ধ সময়ের অবসান হলে হয়ত তাদের রিমান্ডে চাওয়া হতে পারে। 

এই জেএমবি সদস্যরা কৌশলে ‘তাবলিগ জামায়াতের সঙ্গে ভিড়ে’ সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিলেন বলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ভাষ্য।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের উল্টো দিকে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এই আসামিরা হলেন, মো. হায়দার আলী (৪৪), মো. মাহমুদুল হাসান ওরফে মাসুম, মো. জামিরুল ইসলাম (২৪), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. শেখ আরাফাত ওরফে জনি (৪৮), মো. ইমরুল হাসান ওরফে ইমন (২৫), মো. সাইফুল ইসলাম (২৫), মো. মোজাম্মেল হক (৩৩), মো. শাহজালাল (৩৪), মো. আক্তারুজ্জামান (৩০), মো. মাহমুদুল হাসান ওরফে সাব্বির (২৩), মো. আবিদ উল মাহমুদ ওরফে আবিদ (২২), মো. সোহাইল সরদার (৩৩), মো. ওবায়দুল ইসলাম ওরফে সুমন (৩০), মাহমুদ হাসান ওরফে শরীফ (১৮), মো. মাজেদুল ইসলাম ওরফে মুকুল (২৮) ও মো. সোহাগ হাসান (২০)।

তাদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন, দুই লাখ ৩৪ হাজার টাকা এবং ৯২২ ডলার জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা তৌহিদুল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা জেএমবির সদস্য।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, মোস্তাক মুহাম্মদ আরমান খান নামে এক ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে ২০১৭ সালে সৌদি আরবে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তিনি নিজেকে ‘ঈমাম মাহাদীর সৈনিক’ দাবি করে বিভিন্ন বক্তব্য দেন এবং মানুষকে কথিত জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে অডিও ভিডিও প্রচার করেন।

“গ্রেপ্তার এই ১৭ জন তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যোগাযোগ করে। এরপর যুদ্ধের প্রস্তুতি নিতে সৌদি আরবে যাওয়ার চেষ্টায় ছিল।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, মার্চ মাসের মাঝামাঝি সময়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে ‘হিজরতের’ সিদ্ধান্ত নেয়। এরপর কৌশল হিসেবে তাবলিগ-জামায়াতের দলে ভিড়ে যায়।

“তাদের ইচ্ছা ছিল তাবলিগ পরিচয় দিয়ে সাতক্ষীরা বা বেনাপোল সীমান্ত হয়ে ভারত-কাশ্মীর সীমান্ত দিয়ে সৌদি আরবে পৌঁছাবে। সেজন্য ১৮ মার্চ তারা প্রথমে সাতক্ষীরা এবং পরে যশোর সীমান্তের কাছে বিভিন্ন মসজিদে অবস্থান করেন। কিন্তু সেদিক দিয়ে সীমান্ত পার হতে না পেরে ঢাকা হয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করে। সেজন্যই তারা ঢাকায় এসে কাকরাইল এলাকায় অবস্থান করছিল।”

এডিসি তোহিদ বলেছিলেন, এর আগে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র গত জানুয়ারি মাসে ওমরাহ করার জন্য সৌদি আরবে গিয়ে আর ফেরেননি। তারাও মোস্তাক মুহাম্মদ আরমানের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে পুলিশ পরে জানতে পেরেছে।