দুস্থ নারী ও শিশুদের ৫৫ লাখ টাকা অনুদান দেবে মন্ত্রণালয়
করোনাভাইরাস সঙ্কটকালে প্রায় ১৩০০ দুস্থ নারী ও শিশুকে ৫৫ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান- এই তিন শ্রেণিতে এই অনুদান বিতরণ করা হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে মন্ত্রণালয়টির সম্মেলন কক্ষে নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, “করোনাভাইরাসের এই দুর্যোগের সময় দুস্থ নারী ও শিশুদের অনুদান প্রাপ্তি তাদের পরিবারের আর্থিক কষ্ট লাঘবে সহায়তা করবে।”
সভায় জানানো হয়, ভিজিডি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী স্তন্যদানকারী মা ভাতা মিলিয়ে দেশের প্রায় ১ কোটির বেশি নারী ও শিশু সরাসরি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে চার কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। এক কোটি পরিবারের মাঝে এক লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য সহায়তা হিসেবে সরকার প্রায় আট কোটি টাকা বিতরণ করেছে।”
ভবিষ্যতে অনুদানের অর্থ সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার।
নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন সুলতানা, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, ট্রাস্টি বোর্ডের সদস্য রওশন জাহান সাথী, হোসনে আরা সিদ্দিকি জুলি।
