করোনাভাইরাসে ঘরবন্দি মানুষের সেবায় ‘বৃহন্নলা’
করোনাভাইরাসের মহামারীতে রাজধানীর ঘরবন্দি মানুষের জরুরি প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা, যাদের সংগঠিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন।
‘বৃহন্নলা’ নামের ওই সংগঠনটির উদ্যোগে ১০ জন হিজড়াসহ ১৪ সদস্যের একটি দল রাজধানীর যে কোনো প্রান্তের মানুষের প্রয়োজনে সাড়া দিচ্ছেন।
বাজার করা, জরুরি ওষুধ সরবরাহ, গর্ভবতী নারীসহ অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়া, বিপন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করাসহ জরুরি সেবা দিচ্ছেন তারা।
এছাড়া সংগঠনের স্বল্প তহবিল থেকে অসহায় মা ও শিশুর খাদ্য যোগান এবং সঙ্কটাপন্ন মানুষকে ত্রাণসামগ্রী,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করছে এই সংগঠন।
জরুরি সেবা পেতে ০১৯৮০৭০৪৩৯৬, ০১৭৩৫৮৯৩১০২, ০১৭৮১৫৫৩৫২৮ নম্বরে কল করতে হবে। বিনিময়ে তারা কোনো সার্ভিস চার্জ বা খরচ নিচ্ছেন না। বৃহন্নলার নিয়মিত স্পন্সরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এসব কাজে অর্থ যোগানে সহায়তা করছেন।
প্রচুর চাহিদা ও রাজধানীর পুরো অঞ্চল একা সামালাতে না পেরে অবশেষে হিজড়াসহ সংগঠনকেও সম্পৃক্ত করেন সাদিকুল। প্রথমে তিনি সাইকেল চালিয়ে মানুষকে এসব সেবা দিতেন। এখন মানুষের সহায়তায় পিক আপ (গাড়ি) ভাড়া করে কাজ করছেন তারা।
বৃহন্নলার সদস্যরা শাহজাদপুর বস্তি এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ; সায়দাবাদ, যাত্রাবাড়ি, পলাশী, আজিমপুর, চাঁনখারপুল, ঢাকা মেডিকেল এলাকায় গণপরিবহনে, ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্প ও অ্যাম্বুলেন্স জীবাণুনাশক স্প্রে করা, মানুষকে সচেতন করা, কমলাপুর বস্তিতে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা কাজ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সমাজে যাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, সমাজ থেকে যাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে, তারা আজ সমাজের প্রয়োজনে, দেশের এই ক্রান্তিলগ্নে মানবসেবায় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার জন্য প্রস্তুত। এটাই প্রমাণ করে বৃহন্নলারাও যে আমাদের সমাজে অবিচ্ছেদ্য অংশ, তারাও মানুষ।
নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে সাদিকুল বলেন, “ইনবক্সে আসা ম্যাসেজ এবং ফোন কলের অভিজ্ঞতাগুলো বলে বোঝানো সম্ভব নয়। গত এক সপ্তাহে আমরা ২১৭টি পরিবারকে জরুরি সেবা প্রদান করতে পেরেছি যা চলমান থাকবে।
“কল পাওয়ামাত্রই বাজার নিয়ে সাহায্যপ্রার্থীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন আমাদের টিমের হিজড়া সদস্যরা। কিনে দিচ্ছেন তার প্রয়োজনীয় জিনিস। সেই সাথে গর্ভবতী নারী ও অসুস্থ শিশুদের দ্রুত হাসপাতালে বিনা খরচে পৌঁছে দিচ্ছি আমরা।”
“এখন ঘরবন্দি মানুষের বিভিন্ন চাহিদা পূরণের চেষ্টা করছি।”
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক সংস্থা একশন এইড বাংলাদেশ, বেসরকারি সংগঠন উত্তরণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনও বৃহন্নলার পাশে এসে দাঁড়িয়েছে।
