সরকারি ত্রাণ পেয়েছে চার কোটি মানুষ: মন্ত্রণালয়
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে চার কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।
৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ মহামারীর মধ্যে বিতরণ করা ত্রাণ সামগ্রীর বিস্তারিত তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়েছে, “শনিবার পর্যন্ত চার কোটি সাত লাখ ৪০ হাজার জনকে চাল দিয়েছে সরকার। মোট ৯৮ লাখ ১৮ হাজার পরিবারের অন্তর্ভুক্ত এই জনসংখ্যাকে চাল দেওয়া হয়েছে ৯৬ হাজার টন। শনিবার পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্টিক টন।
“এছাড়া ৫৩ লাখ ৬৮ হাজার পরিবারের দুই কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ৪৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে ৬৮ কোটি টাকা।”
এর বাইরে শিশু খাদ্য সহায়ক হিসেবে ১২ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তার মধ্যে আট কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
“এতে উপকারভোগী পরিবার দুই লাখ ৭৫ হাজার এবং লোকসংখ্যা পাঁচ লাখ ৫৮ হাজার।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে, আগামী ৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা আছে। লকডাউনের মেয়াদ নতুন করে বাড়াচ্ছে সরকার।
এই সময় গণপরিবহনও বন্ধ রাখা হয়েছে এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে বেশিরভাগ শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন।
এই কর্মহীনদের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা এবং চাল বরাদ্দ দিচ্ছে।
