২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে গেলেন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আড়াইশ নাগরিক

কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশ থেকে বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 11:29 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ২২৪ জন ব্রিটিশ নাগরিক নিজেদের দেশে রওনা হয়েছেন।

এরপর বিকেল ৫টা ৫৭ মিনিটে ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ২৬ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।

কয়েক দফায় এরইমধ্যে ১০ শিশুসহ আট শতাধিক ব্রিটিশ নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গিয়েছেন। যুক্তরাষ্ট্রেও পাড়ি জমিয়েছেন দেশটির কয়েকশ নাগরিক।

কোভিড-১৯ মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরছেন। পাশপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন।

সম্প্রতি ১২৩ জন জার্মান নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন। তার কয়েক দিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন।

জাপান দূতাবাসের চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিক।

এছাড়াও সপ্তাহখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। পরে যুক্তরাজ্যের সঙ্গেও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।