২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আত্মসাৎ: আরও তিন জনপ্রতিনিধি বরখাস্ত

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণ আত্মসাৎ করায় আরও তিনজন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 06:48 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

একজন পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান ও একজন সদস্যকে বরখাস্ত করে বৃহস্পতিবার পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ১৭ জন চেয়ারম্যান, ২৩ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ মোট ৪২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।

রাজশাহীর চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহম্মেদ, ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমিন আক্তার লাভলীকে বরখাস্ত করা হয়েছে।

কাউন্সিলর রাজু আহম্মেদের বিরুদ্ধে চাল ওজনে কম দেওয়া এবং তালিকাভুক্ত ব্যক্তিকে চাল না দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহর বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্য লাভলীর বিরুদ্ধে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়।

কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতেও তাদের শোকজ করা হয়েছে।