মাস্ক পরায় ধন্যবাদ, দূরত্বটাও রাখুন: আহ্বান সবাইকে
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যেও যারা বের হচ্ছেন, তাদের মুখে মাস্ক দেখে সন্তোষ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; তবে অসন্তোষ ঝরেছে সামাজিক দূরত্ব না মানা দেখে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেশে ঘটনার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই সময়ে সবাইকে বলা হয় ঘরে অবস্থান করতে।
এই সময় জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলেও সংক্রমণ এড়াতে যে কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির চেয়ে কমপক্ষে ৩ ফুট দূরত্ব রেখে থাকতে বলা হয়, যাকে সামাজিক দূরত্ব বলা হচ্ছে।
এক মাস পর এই সপ্তাহে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া এবং দোকান খোলার সময়সীমা বাড়ানোর পর পথে মানুষের যাতায়াতও বেড়ে গেছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, “ইদানিং আমরা রাস্তাঘাটে সবা্ইকেই মোটামুটি দেখি মাস্ক পরে থাকে। মাস্ক পড়ে থাকার যে চর্চাটা এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এজন্য দেশবাসীকে এবং যারা এটা ব্যবহার করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।
“কিন্তু সামাজিক দূরত্ব অনেক ক্ষেত্রেই বজায় থাকছে না। বাজারে বা যে কোনো জায়গায়, ট্রান্সপোর্ট সিস্টেমে দেখছি যে সামাজিক দূরত্বটা বজায় থাকছে না। সবাইকে অনুরোধ করব, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন।”
“যেমন সবাই মাস্ক পড়ে সবাই ঘরের বাইরে আসছেন, সেরকম যখন আপনারা ঘরের বাইরে থাকবেন অবশ্যই আপনারা সামাজিক দূরত্বের দিকে নজর রাখবেন যেন এক জনের সাথে আরেক জনের কমপক্ষে ৩ ফিট দূরত্ব বজায় থাকে,” বলেন তিনি।
“আপনি এটা বজায় রাখলে আপনি নিজে যেমন সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করবেন।”
দেশে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে বড় বিপর্য়য় দেখা দেবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
