নিম্নচাপের পূর্বাভাস, সঙ্গে ভারি বর্ষণ
মে মাসের শুরুতেই নিম্নচাপের প্রভাবে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, লঘুচাপটি বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হলে ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং গতি বাড়িয়ে আন্দামান-নিকোবর এলাকা থেকে উত্তর পূর্ব দিকে ধাবিত হতে পারে।
সেক্ষেত্রে ওই নিম্নচাপ ৩ অথবা ৪ মে নাগাদ মিয়নমার উপকূলে চট্টগ্রাম ও কক্সবাজারের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে ৪ থেকে ৭ মে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি বর্ষণ হতে পারে। সে সময় উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার থাকবে।
সম্ভাব্য ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার শঙ্কার থাকলেও বাংলাদেশের জন্য এখনই উদ্বেগের কিছু দেখছেন না জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখনও সেটা সুষ্পষ্ট লঘুচাপ হয়নি। তবে নিম্নচাপের শঙ্কা রয়েছে। ১ মে হয়ত বলা যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলেও গতিপথ হতে পারে মিয়ানমারের দিকে। সেটা হলে বাংলাদেশের জন্য খুব বেশি উদ্বেগের কারণ হয়ত হবে না।”
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তালিকার শেষ ঘূর্ণিঝড় আমপান
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আরব সাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক হয়।
ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি, তীব্রতা সহজে মানুষের কাছে তুলে ধরতে দেড়যুগ আগে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার প্রচলন শুরু হয় বলে জানান তিনি।
কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন তালিকার ক্রম মেনে নাম বরাদ্দ হয়। সে অনুযায়ী সামনে প্রথম যে ঘূর্ণিঝড়টি এ অঞ্চলে তৈরি হবে, তার নাম হবে আমপান। এটি থাইল্যান্ডের দেওয়া নাম।
২০০৪ সালে সদস্য দেশগুলোর প্রস্তাবিত নাম নিয়ে ৬৪টি নামের যে প্রথম তালিকাটি বিশ্ব আবহাওয়া সংস্থা দিয়েছিল, আমপান তার ৬৪তম, অর্থাৎ সর্বশেষ নাম।
রুহুল কুদ্দুস জানান, এসকাপের সর্বশেষ সভায় ১৩টি দেশের দেওয়া ১৬৯টি নাম নিয়ে ঘূর্ণিঝড়ের নামের নতুন তালিকা অনুমোদন করা হয়েছে। আমপানের পর বাংলাদেশের ‘নিসর্গ’ দিয়েই সেই তালিকার শুরু হবে।
এসকাপভূক্ত আরব সাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলো হল- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন।
ঘূর্ণিঝড়ের নামের নতুন তালিকা বাংলাদেশ: নিসর্গ, বিপর্যয়, অর্ণব, উপকূল, বর্ষণ, রজনী, নিশীথ, ঊর্মি, মেঘলা, সমীরণ, প্রতিকূল, সরোবর, মহানিশা। ভারত: গাতি, তেজ, মুরাস্যু, আগ, ভ্যম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভানজান, ঘূর্ণি, আমবুদ, জালাদি, ভিগা। ইরান: নিভার, হামুন, আগভান, সিপান্দ, বুরান, আনাহিতা, আজআর, পোয়ান, আরশাম, হেনজামি, সাভাস, তাহামতান, তুফান। মালদ্বীপ: বুরিভি, মিদহিল, কানি, ওডি, কিনাউ, এন্ধেরি, রিয়াউ, গুরুভা, কুবাংগি, হোরাংগু, থুনডি, ফানা। মিয়ানমার: তুয়াতি, মিগজায়ুম, নাগামান, কাজাথি, যাবাগজি, ইউয়ুম, মউইহু, কাউই, পিংকু, জিনগাউন, লিনইওনি,কাইকান, বাউপা। ওমান: ইয়াস, রিমাল, সাইল, নাসিম, মুথন, সাদিম, দিমা, মানজর, রুকাম, ওয়াতাদ, আল-জারয, রাবাব, রাদ। পাকিস্তান: গুলাব, আসনা, সাহাব, আফসান, মানাহিল, সুজানা, পারওয়ায, জান্নাতা, সারসার, বাদবান, সাররাব, গুলনার, ওয়াসেক। কাতার: শাহীন, ডানা, লুলু, মউজ, সুহাইল, সাদাফ, রিম, রায়হান, আনবার, ওউদ, বাহার, সাফ, ফানার। সৌদি আরব: জাওয়াদ, ফেনগাল, ঘাজির, আসিফ, সিদরাহ, হারিদ, ফাইদ, কাসির, নাখিল, হাবুব, বারেক, আরিম, ওয়াবিল। শ্রীলঙ্কা: আসানি, শাক্তি, জিগুম, গগনা, ভারামভা, গাজানা, নিবা, নিনাদা, ভিদুলি, ওঝা, সালিথা, রিভি, রুদু। থাইল্যান্ড: সিতারাংগ, মনথা, থিয়ানুট, বুলান, ফুতালা, আইয়ারা, সামিংগ, কারইসন, মাতচা, মাহিংসা, ফারিওয়া, আাসুরি, থারা। আরব আমিরাত: মানদউস, সেনইয়ার, আফুর, নাহ-হাম, কুফফাল, দামান, দিম, গারগুর, খুব, দিগল, আথমাদ, বুম, সাফার। ইয়েমেন: মোখা, দিতওয়াহ, দিকসাম, সিরা, বাকহুর, ঘাওয়েযি, হাউফ, বালহাফ, ব্রম, শুকরা, ফারতাক, দারসাহ, সামহাহ । |
আরও পড়ুন
