বাধ্য না হলে ফিরবেন না, প্রবাসীদের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাধ্য না হলে দেশে না ফিরতে প্রবাসীকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার এক ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে আপনারা যে যেখানে অবস্থান করছেন, আপাতত সেখানেই থাকুন, তবে বিশেষ প্রয়োজনে মিশনগুলোকে জানালে আমরা আপনাদের পাশে দাঁড়াব।”
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য চালু ‘প্রবাসবন্ধু কলসেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য আসে।
করোনাভাইরাস মহামারীর শুরু থেকে প্রবাসীদের যে যেখানে রয়েছেন, সেখানে থাকার অনুরোধ সরকার জানালেও বিপাকে পড়া অনেককে ফিরিয়েও এনেছে।
মোমেন বলেন, ”আপৎকালীন সময় পার হলে তাদের জন্য ভালো সময় আসবে। প্রবাসীদের কেউ যেন না খেয়ে থাকে, সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। “
প্রবাসীদের ‘বাংলাদেশের সম্পদ’ অভিহিত করে তিনি বলেন, তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।
করোনাভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও প্রবাসী বাংলাদেশিদের জানান তিনি।
এটুআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কলসেন্টারের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি স্বাস্থ্য পরামর্শ দেবেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা।
সৌদি আরবে অবস্থানকারী যেকোন প্রবাসী হান্টিং নম্বর +৮৮ ০৯৬১১ ৯৯৯ ১১১-এর মাধ্যমে অথবা ইমো নম্বর ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮ এবং ০১৯৫৮১০৫০২০-এ কল করে সেবা নিতে পারবেন।
এটুআই জানিয়েছে, ইতোমধ্যে ৬৭ জন সৌদি প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এ কলসেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ প্রদানের অঙ্গীকার নিয়ে corona.gov.bd-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন এবং আরো প্রায় ২৫০ ডাক্তার এই সেবা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সৌদি আরবে ২২ লক্ষ প্রবাসী বাংলাদশির বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনপ্রধানদের অনুরোধ করছি।”
নিউ ইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে জানিয়ে এই সঙ্কটের সময়ে প্রবাসীদের এসেবা নেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ওই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
