লকডাউনে দোরগোড়ায় সেবা দিতে ভ্রাম্যমাণ ডাকঘর
করোনাভাইরাস সঙ্কটে লকডাউনের মধ্যে নগরবাসীর দোরগোড়ায় ডাক সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ডাকঘর চালু করেছে সরকার।
সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে ঢাকায় জিপিও চত্বরে টেলিসংযোগের মাধ্যমে ৯টি ভ্রাম্যমাণ ডাকঘর উদ্বোধন করেন।
রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন শহরেও একই সঙ্গে দুটি ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাফা জব্বার এর নির্দেশে ঢাকা মেট্রোপলিটন শহরের লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ঔষধপত্র ও করোনাভাইরাসের চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা সেবা চালু করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কোভিড -১৯ এর প্রাদুর্ভাবজনিত সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে ডাক অধিদপ্তর গত ২৮ মার্চ থেকে সাত লাখ পঞ্চাশ হাজার গ্রাহককে ডাক সেবা দিয়েছে এবং এক হাজার দুই শত কোটি টাকার লেনদেন সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। ঢাকা জিপিও চত্ত্বরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রসহ ডাক অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
