ভারতে আটকেপড়াদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট
কোভিড-১৯ মহামারীর মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ রাখলেও ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ১ মে থেকে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ মে কলকাতা থেকে ঢাকা,২ মে দিল্লি থেকে ঢাকা এবং ৩ মে বোম্বে থেকে ঢাকায় চাটার্ড ফ্লাইট পরিচালনা করবে।”
করোনাভাইরাস মহামারীতে আকাশপথে নিয়মিত যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
এরই মধ্যে ভারত, ব্যাংকক, সিঙ্গাপুর, সৌদি আরব, মালদ্বীপ, তুরস্ক থেকে অনেক বাংলাদেশিকে দেশে আনা হয়েছে।
ভারতে কত সংখ্যক বাংলাদেশি আটকে আছেন, তা জানা যায়নি।
তিন দিন আগে দিল্লি থেকে ১৬৩ জন বাংলাদেশিকে বিশেষ একটি ফ্লাইটে নিয়ে এসেছিল বিমান। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সও বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে আনছে।
