২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফিরলেন দেড় শতাধিক বাংলাদেশি

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া দেড় শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 04:41 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাই থেকে রওনা হয়ে ১৬৬ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম জানিয়েছেন।

নতুন করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় নানা কারণে বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশিরা চাইলেও ফিরতে পারছেন না। 

এর আগে চার ধাপে ভারতে আটকে পড়া সাড়ে ছয় শতাধিক বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপ থেকেও বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েকশ বাংলাদেশি দেশে ফিরেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়। পরে যুক্তরাজ্যের সঙ্গেও ফ্লাইট বন্ধ করা হয়।

বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।