দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়রানিমূলক: ইবি প্রেস ক্লাব
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণের চাল চুরি নিয়ে সংবাদের জেরে দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাকে ‘ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক’ বর্ণনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।
শুক্রবার ইবি প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির এক যুক্ত বিবৃতিতে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদও জানান।
বিবৃতিতে তারা বলেন, “এ মামলা ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক। সাংবাদিকদের কাজ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন করা।
“সেই দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গ ক্ষুব্ধ হয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করছে।”
মামলা দায়েরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জাননোর পাশাপাশি অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
এক সংবাদের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোমিনুল ইসলাম ভাসানী।
ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের এই নেতার এমন মামলাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর ’কুঠারাঘাত’ হিসাবে বর্ণনা করেছেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
‘বিতর্কিত’ ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পাদকদের বিরুদ্ধে এমন মামলায় উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড ও সম্পাদক পরিষদ। মামলায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে, ডিইউজে, আইন ও সালিশ কেন্দ্র, ইরাবসহ বেশ কিছু সংগঠন।
