খুলনা হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিল নৌবাহিনী
করোনাভাইরাস মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী।
বৃহস্পতিবার খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।
খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এছাড়া নৌবাহিনী রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছে।
