২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের মধ্যে ষাঁড়ের লড়াই আয়োজন করে বরখাস্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউনের মধ্যে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে ইউনিয়ন পরিষদের একজন সদস্য বরখাস্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 08:01 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

এই লকডাউনের মধ্যে দলবল নিয়ে বিয়ে করায় এর আগে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শককেও বরখাস্ত করা হয়েছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় সরকারি নির্দেশনা অমান্য করে ষাঁড়ের লাড়াই আয়োজন করে গণজমায়েত করেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম।

এই গণজমায়েত করে তিনি জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করেছেন উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।

তার আগে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন নেত্রকোণার জেলা প্রশাসক।

ষাঁড়ের লড়াই আয়োজন করে ইউপি সদস্য রফিকুল অপরাধমূলক কার্যক্রম করায় তাকে পদ থেকে বরখাস্ত করা হয়।

করেনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ইউনিয়ন পরিষদের সাতজন চেয়ারম্যান এবং তিনজন সদস্যকে বৃহস্পতিবার বরখাস্ত করেছে সরকার।

এনিয়ে ত্রাণ বিতরণে অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ১৫ জন চেয়ারম্যান এবং ১৯ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্যসহ মোট ৩৫ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সর্বপ্রথম জেলা হিসেবে নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবরুদ্ধ ঘোষণা করে সরকার।

এরপর দলবল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে গত ৭ এপ্রিল বিয়ে করে চাকরি থেকে বরখাস্ত হন সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির।