২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের এক চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল চুরির মামলা

ত্রাণের চাল চুরির অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 06:46 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলায় জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন চৌধুরী ও সচিব শেখ মো. মহিদুল ইসলামকে আসামি করা হয়েছে জানিয়ে প্রনব বলেন, তাদের বিরুদ্ধে সরকারের ২৮০ কেজি চাল আত্মসাৎ করার ‘প্রমাণ পাওয়া গেছে’।

তিনি বলেন, “আসামিরা পরস্পর যোগসাজশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণ সহায়তার জন্য সরকারের জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে ওই চাল আত্মসাৎ করেন।”

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে জানিয়ে প্রনব কুমার বলেন, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে গত ১৬ এপ্রিল চাল চুরির অভিযোগে জয়নগর ইউনিয়নেরই দুই ইউপি সদস্যকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- জয়নগর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার রনি বেগম (৩৪) এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মোশাররফ হোসেন (৫২)। একই ঘটনায় নড়াগাতি বাজারের ব্যবসায়ী সুভাষ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।