ক্যাম্পাস ছেড়েছেন ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা
অ্যাকাডেমিক কার্যক্রম না চললেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এক মাসের বেশি সময় ক্যাম্পাসে রেখে রোজা শুরুর আগে দেশের ১২টি ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
প্রশাসনের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষগুলো শিক্ষার্থীদের গত ২১ ও ২২ এপ্রিল বাড়ি পৌঁছে দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজা আখতার জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই বাড়ি চলে গেছে। ক্যাডেট কলেজগুলো নিজেদের দায়িত্বে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিয়েছে, আমরা তাদের হেল্প করেছি।”
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই দিন থেকেই ক্যাডেট কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়। অ্যাকাডেমিক কার্যক্রম না চললেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাডেটদের ক্যাম্পাসেই রাখা হয়।
ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ অ্যাডজুটেন্ট জেনারেল শাখার (সমন্বয়) সভাপতি গত ১৯ এপ্রিল ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ও প্রতিরক্ষা সচিবকে এক চিঠিতে জানান, করোনাভাইরাস পরিস্থিতি এবং আসন্ন রমজান মাস বিবেচনায় ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ২১ থেকে ২৩ এপ্রিলের মধ্যে বাড়ি পাঠানো হবে।
এই সময় ক্যাডেটদের বাড়ি পাঠানোয় নিয়োজিত যানবাহনগুলোকে যাত্রাপথে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিতে প্রতিরক্ষা সচিবকে অনুরোধ করা হয়।
এই চিঠির প্রেক্ষিতে ক্যাডেটদের বাড়ি পাঠাতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করতে জননিরাপত্তা বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব জেলা প্রশাসক এবং সেনাবাহিনী সদর দপ্তরের অ্যাডজুটেন্ট জেনারেল শাখার সভাপতিকে অনুরোধ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ক্যাডেট কলেজের পরিচালনা পর্ষদের এএজি লেফটেন্ন্টে কর্নেল তোফায়েল আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সবার সহযোগিতায় ২১ ও ২২ এপ্রিল তিন হাজার ৬১ জন ক্যাডেটকে সুস্থ শরীরে ও নিরাপদে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ক্যাডেটদের বাড়ি পৌঁছাতে যেন কোনো ভোগান্তি না হয় সেজন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছিল। অভিভাবকরা নিকটবর্তী যে জায়গা থেকে তাদের ছেলেদের রিসিভ করতে পারবেন সে পর্যন্ত তাদের পৌঁছে দেওয়া হয়েছে। আর মেয়েদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।”
বন্ধের সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোয়ারেন্টিনে ছিলেন জানিয়ে তোফায়েল বলেন, “সে সময় বাইরে থেকে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, সেখানেই তারা ভালো ছিল। কিন্তু লকডাউনের পরিধি বাড়ানোর ফলে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তাদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়। স্বাভাবিক পরিস্থিতিতে রোজার মাসে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করে।
“এখন এমন একটা স্টেজ আসছে… যেহেতু ক্যাডেট কলেজে তারা একসাথে থাকছে, এরপর একটা স্টেজ হতে পারে যদি পুরো কমিউনিটি এফেকটেড হয়ে যায় তখন তাদের ভেতরে রাখার রিস্ক বেড়ে যায়।”
শিক্ষার্থীদের স্বাস্থ পরীক্ষার পর বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে সেনা কর্মকর্তা তোফায়েল বলেন, “অভিভাবকদের বলা হয়েছে, বাড়িতে যেন তাদের হোম কোয়ারেন্টিনটুকু করা হয়।”
কোনো ক্যাডেট এবং সেখানে কর্মরত কোনো কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং সব শিক্ষার্থীর পরিবারের সবাই সুস্থ আছেন, সেই খোঁজ নেওয়ার পর তাদের বাড়ি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
১২টি ক্যাডেট কলেজে তিন হাজার ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও এদের মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ব্যাচ এবং নতুন ভর্তি হওয়া ব্যাচের শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের বাইরে রয়েছে জানিয়ে তোফায়েল বলেন, তিন হাজার ৬১ জন ক্যাডেটকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
