বেতন বঞ্চিত চা-শ্রমিকদের ১ মাসের খাবার দেওয়ার দাবি
প্রায় তিন মাস ধরে বেতন না পাওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের শ্রমিকদের অবিলম্বে এক মাসের খাবার দেওয়ার দাবি জানিয়েছে দেশের ১৫১জন নাগরিক।
এই নাগরিকদের পক্ষে মঙ্গলবার অধিকারকর্মী মার্জিয়া প্রভার পাঠানো এক বিবৃতিতে ৭ দফা দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরি ও রেশন প্রদানে মালিককে বাধ্য করা, বাগানের মালিকের ইজারা বাতিল করে রাষ্ট্রীয় মালিকানা বা চা শ্রমিকদের মালিকানা প্রতিষ্ঠিত করা, বাগানের চিকিৎসা কেন্দ্র দ্রুত চালু করা, দ্রুত চা শ্রমিকদের ঘর মেরামত করা, দ্রুত বিশুদ্ধ পানি ব্যবস্থা গড়ে তোলা, শ্রমিকদের বিরুদ্ধে কোনো মামলা না দেওয়া।
বিবৃতিতে বলা হয়, “চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা। আর তা যদি ১২ সপ্তাহ বা ৩ মাস ধরে বন্ধ থাকে তাহলে কালিটি চা বাগানের শ্রমিকদের বর্তমান অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়।
‘শত বছর ধরে চা শ্রমিকরা নামে মাত্র মজুরির বিনিময়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। দিনকে দিন তাদের আধুনিক শ্রমদাসে পরিণত করার সমস্ত রকমের চেষ্টা করা হচ্ছে। এর দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।”
করোনাভাইরাস সঙ্কটকালে দীর্ঘদিন বেতন না পাওয়া এই শ্রমিকরা এখন বাকিতেও কিছু কিনতে পারছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
“অবসরে যাওয়া শ্রমিকরা তহবিলের টাকা পাচ্ছেন না। অথচ প্রত্যেক শ্রমিকের মজুরি থেকে ৭ শতাংশ টাকা ভবিষ্যৎ তহবিলের কেটে রাখা হয়। এই টাকার সঙ্গে মালিক পক্ষ থেকে ৭ শতাংশ টাকা যোগ করে শ্রম অধিদপ্তরে জমা দেওয়া কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ ২৬ মাস ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সেই টাকাও জমা দিচ্ছে না।”
এই বাগানে খাবার পানির একমাত্র উৎস কুয়াগুলো খরার কারণে শুকিয়ে যাওয়ায় শ্রমিকরা পানি সঙ্কটেও রয়েছে বলে বিবৃতিদাতারা জানান।
বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আরশ আলী, চলচ্চিত্র নির্মাতা আশীষ খন্দকার, কথাসাহিত্যিক জাকির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতির উপদেষ্টা আব্দুল মালিক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি মকবুল হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ ও ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।
