২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে মন্তব্য: সাংবাদিককে উকিল নোটিস

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় একটি টেলিভিশনের প্রধান নির্বাহী সম্পাদকের নামে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 10:54 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্তের হয়ে জেলা জজ কোর্টের আইনজীবী গোলাম মহিউদ্দিন আহমেদ স্বপন রোববার কুরিয়ার সার্ভিস ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনকে।

অ্যাডভোকেট স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ ই মামুন তার ফেইসবুক পোস্টে ‘এখন কাউকে গালি দিতে ইচ্ছে করলে বলা যাবে-তুই একটা ব্রাহ্মণবাড়িয়া’ মন্তব্য করে জেলার ৩২ লাখ মানুষকে অপমানিত করেছেন।

“যে কারণে ব্রাহ্মণবাড়িয়ার একজন সচেতন নাগরিক হিসেবে সুজন দত্তের সম্মানবোধে আঘাত লেগেছে, তার আইনজীবী হিসেবে নোটিস পাঠানো হয়েছে।”

এই নোটিস পাওয়ার ১০ দিনের মধ্যে জ ই মামুনকে ব্রাহ্মণবাড়িয়ার সব সংসদ সদস্যের কাছে ‘ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, বলেন তিনি।

নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতা সুজন।

লিগ্যাল নোটিসের বিষয়ে জানতে মঙ্গলবার রাতে জ ই মামুনকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের কোনো নোটিস আমি পাইনি।”

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গত ১৮ এপ্রিল জনসমাগমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়ার এই জানাজা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ জনসমাগম রোধ করতে না পারায় ওই থানার ওসিকে প্রত্যাহার করেও সরকার।

ওই দিন জ ই মামুন ফেইসবুকে ওই পোস্ট দিলেও পরদিন রোববার বিকেল ৫টা ২৭ মিনিটে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন।

তার ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে সুজন দত্তের আইনজীবী স্বপন বলেন, “তিনি ক্ষমা চাওয়ার নামে বিভিন্ন তীর্যক কথাবার্তা তুলে ধরে আরেকটি অপরাধ করেছেন। এখানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিচ্ছিন্ন কিছু ঘটনা তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়াকে আবারও ছোট করতে চেষ্টা করেছেন।”

এদিকে ফেইসবুকে এক পোস্টে ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তীর্যক মন্তব্য করায় চিকিৎসক ও টিভি উপস্থাপক আব্দুন নূর তুষারের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

পুরনো খবর:

‘বলদ’ লেখায় ডা. তুষারের বিরুদ্ধে এজাহার