২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলাদেশের শ্রম কাউন্সেলর করোনাভাইরাসে আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত শ্রম কাউন্সেলর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 10:21 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

একইসঙ্গে বৈদেশিক মিশনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রাণঘাতী এই ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

আক্রান্ত ওই শ্রম কাউন্সেলর জেদ্দা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি চার হাজার শ্রমিককে নভেল করোনাভাইরাস পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।