ঢাকা উত্তরে ৫ হাজার পরিবারকে সহায়তা
করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার ৩৬টি পরিবার জরুরি সহায়তা পেয়েছে।
এর মধ্যে ৩ হাজার ৪৩৭টি পরিবারকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হয়েছে।
এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় কড়াইল বস্তি ও তেজগাঁও সাততলা বস্তির ১ হাজার ৩৭৩টি পরিবারে সহায়তা দেওয়া হয়েছে বলে উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় প্রতিটি পরিবারে ১২কেজি চাল, ৭কেজি আটা, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি গুঁড়ো দুধ ও সুজি, পেঁয়াজ, আলু, মসুর ডাল, বুটের ডাল দেওয়া হয়।
এছাড়া ঢাকা উত্তরের ১৫টি ওয়ার্ডে ৪ লাখ ১৫ হাজার ৪১৫টি সাবান বিতরণ করা হয়েছে; ২৩০টি স্থানে হাত ধোয়ার জায়গা করে দেওয়া হয়েছে এ প্রকল্পের আওতায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত ডিএনসিসি, ওয়ার্ড কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের উদ্যোগে ৯৯ হাজার ৫৪টি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
