২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাৎ: চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ভিজিএফ কার্ডধারী ৫৫০ জেলে পরিবারকে ২৭ হাজার ৫০০ কেজি চাল কম দিয়ে তা আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 07:28 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় মামলার আগেই আসামি মো. আলাউদ্দিন পল্টুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রণব জানান, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৫৫০টি জেলে পরিবারের জন্য ৪৪ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ হয়। এরপর গত ২৭ মার্চ স্থানীয় খাদ্য গুদাম থেকে এসব চাল তুলে ৫৫০ কার্ডধারীর মধ্যে ৮০ কেজি করে দেওয়ার কথা থাকলেও ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৩০ কেজি করে বিতরণ করেন।

“কার্ডপ্রতি ৫০ কেজি চাল কম দিয়ে মোট ২৭ হাজার ৫০০ কেজি চাল আসামি আত্মসাৎ করেন। আত্মসাৎ করা চালের সরকারি মূল্য ১১ লাখ ৯৫ হাজার ৮৬৫ টাকা।”

এ কারণে আসামি আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদি হয়ে মামলা করেন।