কদর এখন ব্লিচিং পাউডার আর স্প্রে মেশিনের
দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেড়ে গেছে জীবাণুনাশক ছিটানোর মেশিন ও ব্লিচিং পাউডারের ব্যবহার। পরিস্থিতির কারণে সুযোগ বুঝে বিক্রেতারাও প্রায় দ্বিগুণ দামে এসব বিক্রি করছেন।
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, বার বার হাত ধুয়ে এবং একই সাথে যেসব জিনিসপত্র ধরা হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লোকজন তাদের কনুই দিয়ে দরজা খোলার চেষ্টা করছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার সময় রেলিং ধরছেন না, বাসা-বাড়ি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছেন, রাস্তা-ঘাটেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। অনেকে জুতার তলায়ও স্প্রে করছেন ব্লিচিং মেশানো পানি।
রাজধানীতেও দুই সিটি করপোরেশনের উদ্যোগ রাস্তা-ঘাটে, ডাস্টবিনে জীবাণুনাশক ব্লিচিং পাউডারের মিশ্রণ ছিটানো হচ্ছে। বিভিন্ন সংগঠন সংস্থার পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে এসব এখন সংগ্রহে রাখছেন।
রাজধানীতে কোরিয়ার তৈরি নানা মডেলের স্প্রে মেশিন ১৫০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বুধবার সকালে পুরনো ঢাকার নবাবপুর রোডে গিয়ে মানুষজনকে এই মেশিন ও ব্লিচিং পাউডার কিনতে দেখা গেছে। সেখানে ধানমন্ডি থেকে স্প্রে মেশিন কিনতে এসেছেন আহমদ আলী।
“করোনাভাইরাস মোকাবিলা করতে হলে অবশ্যই আপনাকে জীবণামুক্ত থাকার ব্যবস্থা করতে হবে, আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
তবে সঙ্কটের এই সময়ে স্প্রে মেশিনের দাম বেড়েছে মন্তব্য করে আহমদ আলী বলেন, “করোনার কারণে এই স্প্রে মেশিনের কদর বেড়েছে। ফেব্রুয়ারিতে কোরিয়ার তৈরি ‘ব্যাকপ্যাক স্প্রেয়ার’ মেশিনের দাম ছিল ৮০০ টাকা। এটা এখন ১৪-১৫০০ এর নিচে পাওয়া যাচ্ছে না। আমি দুই জায়গায় ঘুরে দেখেছি একই অবস্থা।”
নবাবপুর রোড থেকে রথখোলা পর্যন্ত ফুটপাতে এসব মেশিন বিক্রি হচ্ছে। সেখানে বিক্রেতা তোফাজ্জল ইসলামের কাছে জানতে হয়েছল দাম বাড়ার কারণ।
তিনি বলেন, “লকডাউনে দোকান-পাট বন্ধ। সাপ্লাই নাই। স্প্রে মেশিনের দাম সেজন্য একটু বাড়তি।”
৪০ টাকা কেজির ব্লিচিং পাউডারের দামও বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিকোচ্ছে এখন।
“মগবাজারে ব্লিচিং পাউডার পাচ্ছিলাম না, সেজন্য নবাবপুরে এসেছি। কিন্তু দাম চড়া। কিছু করার নেই। কিনতে তো হবেই। বিপদে একটা শ্রেণি তো থাকেই কিছু বলার নেই।”
করোনাভাইরাস নিয়ে সতকর্তার বিষয়ে তিনি বলেন, “আমরা একটা ডেনজার পয়েন্টে আছি। করোনা আমাদের এখানে কমিউনিটি লেভেলে এসে গেছে। করোনাভাইরাসের আক্রান্ত রোগীর হাঁচি-কাশির সময় তার নাক ও মুখ দিয়ে যে কণা বা ড্রপলেট বের হয়ে আসে তার মাধ্যমে কোভিড-১৯ এর জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
“সেজন্য আমাদের সার্বক্ষণিক হাত ধুয়ে পরিষ্কার থাকা উচিত। আমাদের বাসা-বাড়ির আঙিনায় জীবাণুনাশক স্প্রে করা উচিত।”
