বর্ষবরণে যৌন নিপীড়ন: পুলিশই আসছে না সাক্ষ্য দিতে
পাঁচ বছর আগে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনায় তোলপাড় হলেও মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি এখনও, গ্রেপ্তার একমাত্র আসামিও মুক্ত জামিনে।
তিন বছর আগে অভিযোগ গঠন হলেও এখনও সাক্ষ্য দিতে আসেননি মামলার বাদী পুলিশ কর্মকর্তা, যার কারণে বিচার এখনও শুরু হয়নি।
আসামি পক্ষের আইনজীবী দাবি করছেন, প্রকৃত আসামিদের ধরতে না পারার ব্যর্থতার কারণে সাক্ষ্য দিতে গা নেই পুলিশের।
২০১৫ সালের ১৪ এপ্রিল সন্ধ্যায় বর্ষবরণের উৎসবে ভিড়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারীরা যৌন নিপীড়নের শিকার হলে সমালোচনার ঝড় বয় দেশজুড়ে।
এরপর শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেন। নারীদের লাঞ্ছনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আটজনকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
আসামিদের পাওয়া যায়নি জানিয়ে ২০১৫ সালের ৯ ডিসেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন ডিবির এসআই দীপক কুমার দাস।
তবে ওই প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার।
মো. কামাল নামে এক আসামিকে গ্রেপ্তারের পর ২০১৬ সালের ১৫ ডিসেম্বর শুধু তাকে আসামি করে পিবিআইর পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগপত্র দাখিল করেন।
অন্য সাত আসামিকে খুঁজে পাওয়া যায়নি জানিয়ে অভিযোগপত্রে তাদের নাম ওঠেনি। তদন্ত কর্মকর্তা বলেন, তাদের খুঁজে পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে।
অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৩৪ জনকে।
বর্ষবরণের এমন উৎসব কালিমালিপ্ত করেছিল যৌন নিপীড়নের ঘটনা
২০১৭ সালের ১৯ জুন একমাত্র আসামি কামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার।
এরপর তারিখের পর তারিখ পেরুলেও সাক্ষ্য গ্রহণ শুরু করা যায়নি। এদিকে জামিনে ছাড়া পান একমাত্র আসামি চকবাজারের সবজি বিক্রেতা কামাল।
মামলার অগ্রগতি জানতে চাইলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী এসআই আবুল কালাম আজাদসহ কয়েকজনকে সমন পাঠানো হলেও তারা আদালতে আসছেন না।
নিয়ম অনুযায়ী, সাক্ষী না এলে তার ঠিকানায় অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউল বলেন, “বাদীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। তিনি সম্ভবত মাদারীপুরের শিবচর থানায় এখন কমর্রত। তিনি বলেছেন যে তিনি আদালতের সমন পাননি।
“ফোন করে জানানোর পরও তিনি সাক্ষ্য দিতে আসেননি। ভিডিও ফুটেজে শনাক্ত করার পর তিনি আসামির বিরুদ্ধে মামলা করেছেন। অথচ তিনি নিজেই সাক্ষ্য দিতে আসছেন না। তিনিই যদি না আসেন তবে পাবলিক সাক্ষী কীভাবে আসবেন,” বলেন এই আইনজীবী।
সিসি ক্যামেরায় ধারণ করা ছবির এই ব্যক্তিই (গোল চিহ্নিত) কামাল বলে পুলিশ জানিয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটির প্রকৃত আসামি কয়েকজন ছাত্র। গণমাধ্যমের চাপে পুলিশ নিজেদের গা বাঁচানোর জন্য নিরীহ দরিদ্র সবজি ব্যবসায়ী কামালের বিরুদ্ধে মামলা করে।
“তারা ভেজাল ও মিথ্যা তথ্য দেওয়া এ মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তা আমার জেরার মুখোমুখি হওয়ার সাহস করছেন না।”
সর্বশেষ চলতি বছরের ১২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন পুলিশ আদালতে সাক্ষী হাজির করতে না পারায় ট্রাইব্যুনালের বর্তমান বিচারক মাফরুজা বেগম আগামী ১২ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করে দেন।
এখন করোনাভাইরাস সঙ্কটের কারণে আদালত বন্ধ রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে আদালতে সাক্ষী উপস্থিত করানোর আশা প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজাউল বলেন, “আশা করছি, এরপর মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে।”
পুরনো খবর
