২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের ২৯০০ পরিবার পেল জরুরি খাদ্যপণ্য

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৯০০ পরিবারকে ‘দুর্যোগকালীন’ সহায়তা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 10:27 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

সোমবার ঢাকা দক্ষিণের ১৫টি ওয়ার্ডের নাগরিকদের মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, প্রতিটি পরিবারকে আড়াই হাজার টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

বিতরণ করা প্রতিটি প্যাকেটে ১২ কেজি চাল, ৭ কেজি গম, ৩ কেজি আলু, ৪ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ১০০ গ্রাম হলুদের গুঁড়া, ৪০০ গ্রাম গুঁড়োদুধ এবং ২৪টি ডিম রয়েছে।

বাংলাদেশ সরকার, ইউকেএইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়িনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ পরিচালিত হচ্ছে।

প্রকল্পের টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল সোমবার নগর ভবনে এসব খাদ্যসামগ্রী সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তারপর সিটি করপোরেশন থেকে ১, ৩, ৭, ১১, ১৪, ২২, ২৪, ২৫, ৩৮, ৪২, ৪৮, ৪৯, ৫৫, ৫৯ এবং ৬৩ নম্বর ওয়ার্ডে সহায়তার প্যাকেট পৌঁছে দেওয়া হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম লুৎফর রহমান সিদ্দিক প্যাকেট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।