চাল চুরি: বগুড়ায় ডিলারের বিরুদ্ধে দুদকের মামলা
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি ওএমএসের চাল আত্মসাতের অভিযোগে বগুড়ায় এক ডিলারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ওএমএস ডিলার মো. মশিউর রহমানের বিরুদ্ধে করা মামলায় তার বিরুদ্ধে ৭১০ কেজি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
সোমবার দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রনব জানান, “আসামি ৫৩৮ জন ভোক্তার মধ্যে ১৭ জন ভোক্তার নাম ২ থেকে ৩ বার এন্ট্রি করেন এবং রেজিস্টারে হিসাবভুক্ত না করে সরকারের ৭১০ কেজি চাল আত্মসাৎ করেন।”
আসামি মশিউরকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা প্রনব।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে নিম্ন আয়ের মানুষদের জন্য ওএমএসসহ নানা কর্মসূচি সরকার চালু করার পর বিভিন্ন স্থানে চাল চুরির অভিযোগও আসছে।
এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইতোপূর্বে দিয়েছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
