২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৩২৮ মার্কিন নাগরিক ফিরে গেলেন

নভেল করোনাভাইসের মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থায় ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের আরও ৩২৮ নাগরিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 09:36 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, ওই ৩২৮ জন মার্কিন নাগরিকের মধ্যে ১৭ জন শিশুও ছিল।

সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনেটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

এর আগে আরও দুই দফায় মোট ৫৯১ জন মার্কিন নাগরিক বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরে গেছেন।

মহামারী রোধ করার চেষ্টায় বিশ্বের অধিকাংশ অংশে এখন নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ। ফলে বাংলাদেশ থেকে এই বিদেশি নাগরিকদের এখন বিশেষ ব্যবস্থা দেশে ফিরতে হচ্ছে।

গত শুক্রবার এরকম একটি ফ্লাইটে জার্মানিতে ফিরে যান দেশটির ১২৩ জন নাগরিক।  ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন ৬ এপ্রিল।

তার আগের সপ্তাহে জাপান দূতাবাসের একটি ভাড়া করা উড়োজাহাজে দেশটির ৩২৫ জন নাগরিক ফিরে যান। মালয়েশিয়ার একটি উড়োজাহাজে করে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় তাদের ১৩৯ জন নাগরিক ঢাকা ত্যাগ করেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে দেয় বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও বন্ধ হয়ে যায়।

প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও পরে তিন দফায় মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়।