দেশবাসীকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা
নভেল করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বাংলা নবর্বষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় দেওয়া তার এই ভাষণ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়। সঙ্কটের এই সময়ে এনিয়ে গত এক মাসে তৃতীয়বার এভাবে জনগণের সামনে এলেন সরকার প্রধান শেখ হাসিনা।
ভাষণের শুরুতেই তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “১৪২৭ বঙ্গাব্দের শুভেচ্ছা। দেশে-বিদেশে যে যেখানেই আছেন, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।”
দেশে করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় এই উৎসবের সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজসহ নানা মওসুমী ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন।
“আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।”
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে ইতোমধ্যে লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, ১৮ লাখের বেশি মানুষ হয়েছে আক্রান্ত। বাংলাদেশেও ৬ শতাধিক আক্রান্তের মধ্যে ৩৯ জন মারা গেছে।
এই রোগের কোনো টিকা-ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় সংক্রমণ এড়ানোই একমাত্র পথ; তাই বিভিন্ন দেশ লকডাউন করে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।
বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হওয়ার পর দেশ কার্যত অচল। এজন্য পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
“এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ,ইতোমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে “ বলেন শেখ হাসিনা।
তিনি দেশবাসীকে সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, “করোনাভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে।”
ভাষণে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার চরণ উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, “মেঘ দেখ কেউ করিসনে ভয়/ আড়ালে তার সূর্য হাসে/ হারা শশীর হারা হাসি/ অন্ধকারেই ফিরে আসে“।
