ঘরে থাকার নির্দেশনায় গলদ দেখছেন মনজিল মোরসেদ
দেশে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করে নাগরিকদের ঘরে থাকার যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা আইনসম্মত হয়নি দাবি করে প্রজ্ঞাপনটি নতুন করে জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
রোববার মানবাধিকার সংগঠন হি্উম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে এক বিবৃতিতে এই অনুরোধ জানান সংগঠনটির সভাপতি মনজিল।
বৈশ্বিক মহামারী রূপে দেখা দেওয়া ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করার পর বাংলাদেশও একই পথে হাঁটে।
রোগটি যেন একজন থেকে অন্যজনে সংক্রমিত হতে না পারে, সেজন্য সব নাগরিককে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
গত শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হতে মানা করা হয়, এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা অমান্যে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়, যা তার আগে থেকে নেওয়া হচ্ছিল।
পরে ওই প্রজ্ঞাপনটি সংশোধন করে শনিবার আবার জারি করা হয়; যেখানে সন্ধ্যা ৬টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত ঘরে থাকার বাধ্যবাধকতাও আরোপ করা হয়।
সংবিধানিক ও আইনি বিধান তুলে ধরে বিবৃতিতে মনজিল মোরসেদ বলেন, নাগরিকদের চলাফেরার অধিকার খর্ব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আইনি ভিত্তি নেই।
দুটি প্রজ্ঞাপন তুলে ধরে তিনি বলেন, প্রথমত, ঘরে অবস্থান, সন্ধা ৬টার পরে বের না হওয়া; হলে ব্যবস্থা গ্রহণ, এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়ত নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা, কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা রয়েছে।
“জনপ্রশাসন চ্যাপ্টারের ৩৭ নং ক্রমিকে অফিস সময় ও সরকারি ছুটি নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে, সে অনুসারে জনপ্রশাসন দ্বিতীয় নির্দেশনা জারি করতে পারে।
তিনি বলেন, “প্রথম নির্দেশনাগুলো জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রয়োগ করতে পারলেও নাগরিকদের উপর তা প্রয়োগ হলে আইনি চ্যলেঞ্জের মুখে পড়তে হতে পারে।
“কারণ, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সকল নির্দেশনাই আইন অনুসারেই হতে হবে। সাধারণ নাগরিকরা জনপ্রশাসনের সার্ভিস রুলস’র আওতায় নয়। সে কারণে জনপ্রশাসনের জারি করা প্রথম নির্দেশনার যে কোনো একটি কোনো নাগরিক না মানলে শাস্তির সুযোগ থাকছে না।”
ঘরে থাকার নির্দেশনা বাস্তবায়নে তৎপর পুলিশ
ফলে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষের ঘরে থাকা ও চলাচল নিয়ন্ত্রণ অন্যতম উপায় হলেও আইনি দুর্বলতার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না বলে মনে করেন এই আইনজীবী।
পাশাপাশি এর সমাধানের দিকও বাতলে দেন তিনি।
মনজিল মোরসেদ বলেন, রুলস অব বিজনেসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চ্যাপ্টারে ১৪ নম্বর চ্যাপ্টারে স্বাস্থ্যসেবা বিভাগকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এমনকি কোয়ারেন্টিন, আইসোলেশনের ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তীতে সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৮ এর ৩ ধারায় এ আইনটিকেই সব আইনের উপরে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে।
বিদ্যমান আইনের ৫ ধারায় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালককে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণে কর্মকৌশল প্রণয়ন ছাড়াও গণজমায়েত, বাজার, স্টেশন ইত্যাদি বন্ধেরও ক্ষমতা দেওয়া হয়েছে।
“আইন অনুযায়ী স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অন্য কর্মকর্তাদের এসব ক্ষমতা প্রয়োগের ক্ষমতা হস্তান্তরও করতে পারবেন। শুধু তাই না, এ আইনে ২৪, ২৬ ধারায় বিভিন্ন মেয়াদে ২ থেকে ৬ মাসের শাস্তি, ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে । তাছাড়া আইনটির ৬ ধারায় সুনির্দিষ্ট উপায়ে উপদেষ্টা কমিটি গঠন ও তাদের সুপারিশে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় বলে উল্লেখ আছে।”
তাই নির্দেশনাটি ‘যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে’ জারির ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান তিনি।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মনে করি আমি যে বিবৃতিটি দিয়েছি সেটির আইনি ভিত্তি রয়েছে।
“করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেহেতু সরকারের পাশাপাশি আমরা সবাই সরকারের সঙ্গে একত্রে কাজ করছি, তাই আইনগত ত্রুটি সংশোধন করে সরকার খুব শিগগিরই নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দিবে। সরকারকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। আশা করি সরকার বিষয়টিতে গুরুত্ব দিবে।”
