২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: হাসপাতালের সমস্যা দূর করতে চিকিৎসকদের নতুন সংগঠন

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে দেখা দেওয়া নানা সঙ্কটের সমাধানে চিকিৎসকদের নতুন এক সংগঠনের জন্ম হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:06 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে ‘ডক্টরস ফর কোভিড-১৯ সলিউশনস ফর বাংলাদেশ’ নামের নতুন এই আত্মপ্রকাশের কথা জানান এর সাধারণ সম্পাদক ডা. সাইফুল্লাহ।

তিনি বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে কিছু রোগী হাসপাতালে ভর্তি হতে পারছেন না। বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের নির্দেশনা ও সীমাবদ্ধতার কারণে হয়তো এ সমস্যা তৈরি হয়েছে।  

“অনাহুত এই সমস্যা সমাধানের লক্ষ্যে একটি কেন্দ্রীয় সমন্বয়কারী দলের প্রয়োজন। সে লক্ষ্যে ডক্টরস ফর কোভিড-১৯ সলিউশনসের জন্ম।”

তিনি জানান, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনে বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।  

সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এই সংগঠনটি সেবা দেবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে এ সেবায় যুক্ত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সংগঠনের সভাপতি হিসেবে থাকছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক এম এ জলিল।

ডা. সাইফুল্লাহ সংগঠনের কার্যাবলী সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য বুলেটিনে।

“আমাদের প্রধান কাজ হচ্ছে, উদ্ভূত পরিস্থিতিতে কোভিড বা নন-কোভিড রোগীর ভর্তি প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত পর্যবেক্ষণ এবংবিশেষজ্ঞ পরামর্শ সরকারে যথাযথ হাসপাতালে রোগী প্রেরণপূর্বক তাদের ভর্তির ব্যবস্থা করা। সে লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা করা। উপরন্তু কোনো রোগীর বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন হলে ডক্টরস ফর কোভিড-১৯ সলিউশনস তা প্রদান করবে।

“করোনা মহামারীতে অন্যান্য চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে ব্যাহত হতে পারে। আমরা সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মহামারী সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করব।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “আজকে বাংলাদেশে এমন অভিযোগ শুনছি, রোগীকে কোনো হাসপাতাল নিতে চাচ্ছে না। রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌঁড়াদৌড়ি করতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে কোনো ভর্তির রোগীর যদি জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ দল বা অন্য চিকিৎসক দল পাঠিয়ে প্রয়োজনীয় সমাধান দেওয়া যায় তার জন্য এ সংগঠনটি কাজ করবে।”