২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে খাঁচার পাখিরাও ‘মনমরা’

ভাইরাস থেকে বাঁচতে মানুষের ঘরবন্দি হওয়ার মধ্যে দিনটা মাত্র ‘তিন ঘণ্টার’ হয়ে গেছে রাজধানীর কাঁটাবনের দোকানগুলোয় খাঁচাবন্দি শখের পশু-পাখির।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 06:06 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

শনিবার সেখানকার দোকানিরা জানিয়েছেন, লকডাউনে পাল্টে গেছে চিত্র, দিন-রাতের ২৪ ঘণ্টার মধ্যে ২১ ঘণ্টাই তালাবন্ধ ঘরে বিদ্যুতের আলোয় কাটছে এসব মাছ, পশু-পাখির। ওই তিন ঘণ্টা দোকান পরিষ্কার ও প্রাণিগুলোকে খাবার দেওয়ার জন্য খোলা রাখা হয়।

১৭ দিন আগেও খাঁচাবন্দি এই পোষা পশু-পাখিদের জীবনচিত্র এমন ছিল না। সকালে পাখির কিচিরমিচির কলতানে মালিক দোকান খোলার পর প্রথমে তাদের খাবার দেওয়া হত, খাঁচা পরিষ্কার করে বেচাকেনা শুরু হত। এরপর আবার দুপুর ও রাতে মোট তিন বেলা খাবার দেওয়া হত।

বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে পোষা পাখির ক্ষুদ্র ব্যবসা শুরু করা জুবায়ের আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে এসেছি, ওদের খাবার দিয়েছি। এখন খাঁচাগুলো পরিষ্কার করব। আবার তিন ঘণ্টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হবে।

“আমার প্রিয় দুটি লাভ বার্ড আছে। ভীষণ লাজুক, কিন্তু এখন মনমরা। কারণ কী জানেন? এই মুহূর্তে দেখেন ওরা কত উৎফুল্ল। আবার যখন দোকান বন্ধ করব, তাদের মন খারাপ দেখায় এজন্য যে, নিজর্নতা ওদের পীড়া দেয়। কিন্তু কিছু করার তো নেই। অধিকাংশ সময়ে ওদের এভাবেই কাটাতে হচ্ছে।”

লকডাউন শুরুর পর এ মাসের প্রথম দিকে কাঁটাবনের পশুদের দুর্দশা নিয়ে ‘কাঁটাবনে বন্দি পশুর কান্নার শব্দ’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি খবর প্রকাশের পর সেখানে ছুটে গিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এই সময়ে কোনো অজুহাতেই প্রাণির প্রতি নিষ্ঠুরতা করা যাবে না বলে সতর্ক করে দিয়েছিলেন তিনি।

সকালে অ্যাকয়ারিয়াম সেন্টারের শহীদুল ইসলাম রিপন বলেন, “দোকান খুলেই অ্যাকয়ারিয়ামে মাছের ছটফট বিচরণ দেখেছি। খাবার দেওয়ার পর ওরা মনের আনন্দে এদিক-ওদিক সাঁতার দিচ্ছে। দেখেন কি আনন্দ তাদের!

“দুই-তিন ঘণ্টার জন্য দোকান খোলা রাখার ব্যবস্থা হয়েছে শুধুমাত্র তাদের খাবার দিতে। দোকানটা পরিষ্কার করেই বন্ধ করে দেব।”

শখের এই সব বিদেশি মাছ কিনতে এখন ক্রেতা আসে কি না জানতে চাইলে তিনি বলেন, “কোনো বিক্রি নাই। গত চার দিনে মাছের কিছু খাবার বিক্রি হয়েছে মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যাদের ঘরে অ্যাকয়ারিয়াম আছে তারা মাছের খাবার কিনে নিয়ে গেছেন, এই যা।”

এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে সাইকেল চালিয়ে আসেন সাব্বির আহমেদ। এই দোকান থেকে ২০০ টাকার মাছের খাবার কিনে নেন তিনি।

সাব্বির বলেন, “বাসায় অ্যাকয়ারিয়াম আছে। আমার খুব প্রিয় গোল্ড ফিস, সোর্ড টেইল, পাপ্পি, ফাইটার ফিস, সিলভার অ্যারোনা- এসব মাছ রয়েছে। ওরা সারাক্ষণ আনন্দ করে, আমরাও ঘরবন্দি জীবনে কিছু সময় কাটাই ওদের সাথে। ওদের খাবার শেষ হয়ে যাওয়ায় কিনতে এসেছি।”

তিনি বলেন, “পোষা এসব প্রাণির পাশে মানুষজন থাকলে তারাও খুব আনন্দ পায়, উৎফুল্ল থাকে। কিন্তু এসব দোকান বন্ধ থাকাতে এদের খুব কষ্ট হচ্ছে। আমি মনে করি, ওদের দেখভালের জন্য দোকানগুলো শুধু সকালে নয়, বিকালেও কিছুক্ষণ খোলার ব্যবস্থা করা উচিত।”

এলিফ্যান্ট রোডের একটি অ্যাপার্টমেন্টে থাকেন শিহাব সরকার। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা অ্যাকয়ারিয়াম কিনতে এসেছেন।

তিনি বলেন, “আমার অ্যাকয়ারিয়াম আছে। আরেকটা লাগবে সেজন্য কিনতে এসেছি। বারান্দায় কাকাতুয়া, লাভ বার্ড আর বাজিকর পুষি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলি ফুটিল … । এখন শাটডাউনে যে নীরবতা কোথাও আওয়াজ নেই, গাড়ির শব্দ নেই। এই পোষা পাখি আমার ঘুম ভাঙায়।

“বলতে পারেন এরা আমার পরিবারেরই সদস্য। লকডাউনে আমরা যেমন অস্বস্তিতে আছি ওরাও তেমন স্বস্তিতে নেই বলে আমার কাছে মনে হয়।”

পোষা ‘পাখি-পশু’র ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়ে কাঁটাবনের দোকানি মাসুদুর রহমান বলেন, “যেভাবে করোনাভাইরাসে মানুষের মৃত্যু হার বাড়ছে তাতে আমরা খুব শঙ্কার মধ্যে আছি ভাই, কী হবে আমাদের? ব্যবসার তো ১২টা বেজে গেছে।

“কীভাবে পেট চালাব, কীভাবে পরিবার চালাব, কীভাবেই বা এই দোকান চালাব- কিছুই বুঝতে পারছি না। কোনো উপায়ও তো খুঁজে পাচ্ছি না। মহাবিপদে আছি আমরা।”

কাঁটাবনের এই মার্কেটে রয়েছে সব ধরনের পোষা প্রাণি, শতাধিক প্রজাতির রঙিন মাছ। নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন সিগনাল পর্যন্ত বিস্তৃত এই  মার্কেটে প্রায় ৬৫-৭০টি দোকান রয়েছে পশু-পাখি-মাছের। এর বাইরেও এখানে নানা দোকান-পাট রয়েছে। 

সৌখিন পশু-পাখী প্রেমীদের কাছে এই জায়গার গুরুত্ব রয়েছে। রাজধানীর অনেকেই বাসা-বাড়িতে পাখি, পশু পালন করেন কিংবা অ্যাকয়ারিয়ামে মাছ রাখেন।

এই মার্কেটে বিভিন্ন জাতের বিদেশি কুকুর, খরগোশ, গিনিপিগ, বিলাতি ইঁদুর, কচ্ছপ, ঘুঘু, মুনিয়া, ময়না, কবুতর, ম্যাকাও, স্ট্রবেরিসহ বিভিন্ন বিদেশি পোষা প্রাণি ও তাদের খাবার সামগ্রীসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া যায়।