আইইডিসিআর, এলজিআরডি মন্ত্রীর ব্রিফিংও অনলাইনে
নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানাতে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে সমালোচনার মুখে পড়া আইইডিসিআর এবার অনলাইনে ব্রিফিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ থেকে আমরা অনলাইনে ব্রিফ করব, পেইজের কাজ চলছে।”
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইইডিসিআর যখন সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছে, সেখানে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে গাদাগাদি করে সংবাদ সংগ্রহ করতে হয় সংবাদকর্মীদের। এ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এমন সংবাদ সম্মেলন করে সমালোচনার পর সোমবার থেকে ফেইসবুক লাইভে ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছেন।
একই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “নভেল করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপ ইমেইল এবং একটি গ্রুপের মাধ্যমে দেওয়া হবে। কাজ চলছে।”
