সাংবাদিক নির্যাতনের ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলা-মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড, বাংলাদেশ।
সংগঠনের সভাপতি মোজাম্মেল বাবু বুধবার এক বিবৃতিতে সাংবাদিকদের উপরে হামলা মামলার কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তুলে নিয়ে অকথ্য নির্যাতন ও তথাকথিত মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানোর ঘটনাটি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। “তাই জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ এর সঙ্গে জড়িতদের শুধু প্রত্যাহারই যথেষ্ট নয়, তাদের বিরুদ্ধে মামলা এবং বিচার হতে হবে, সেই সঙ্গে আরিফুলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে তুলে নিতে হবে। সেই সঙ্গে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।”
আলোকচিত্র সাংবাদিক ও ‘পক্ষকাল’ পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজল গত ১০ মার্চ থেকে নিখোঁজ হলেও তার সন্ধান না পাওয়ায়ও উদ্বেগ জানান মোজাম্মেল বাবু।
“তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখনও তেমন নজরে আসেনি,” বলেন তিনি।
‘নিখোঁজ’ হওয়ার একদিন আগে যে ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, তারমধ্যে কাজলের নামও রয়েছে।
বিতর্কিত এই মামলাটি দ্রুত প্রত্যাহারসহ সাংবাদিক কাজলকে খুঁজে বের করতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া, সাংবাদিকদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এডিটরস গিল্ড।
