২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষ: শেখ হাসিনাকে ফোন করে লোটে শেরিংয়ের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে মুজিবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 05:24 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার বিকালে বাংলাদেশের সরকারপ্রধানকে ফোন করেন ভুটানের প্রধানমন্ত্রী।

ভুটানে এক হাজার প্রদীপ জ্বেলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার কথা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন। 

সেজন্য ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বেঁচে থাকলে এই দিনে তার বয়স হত ১০০ বছর।

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন করবে বাংলাদেশ। মঙ্গলবার তার জন্মদিনে সূচনা হল সেই বর্ষগণনার।

বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে সাড়ম্বরে মুজিববর্ষের মূল অনুষ্ঠান করার সব প্রস্তুতি সরকারের তরফ থেকে নেওয়া হলেও বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনগণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ফোন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকীতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।      

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব কুমার দেব মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন।  তিনি শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের সব বাসিন্দাদের মুজিববর্ষের শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।