করোনাভাইরাস: বুয়েট বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বুয়েটের রেজিস্টার অধ্যাপক এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের অনতিবিলম্বে হল ছাড়তে বলা হয়েছে।
করোনাভাইরাস আতঙ্কে বুয়েট শিক্ষার্থীরা ক‘দিন ধরে ক্লাসে যাচ্ছিলেন না। এর মধ্যেই সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়।
বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সরকারের সিদ্ধান্তের আলোকে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এতদসঙ্গে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যগত বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।”
আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে বলা হয়েছে, “আবাসিক হল সমূহে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের তাদের নিজ নিজ বাসা/বাড়িতে অনতিবিলম্বে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং ১৮ মার্চ বিকাল পাঁচ ঘটিকার পর হলসমূহ বন্ধ থাকবে।”
বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিও) অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর উপাচার্য বুয়েটের উপাচার্য সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
“তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, প্রশাসনিক কাজ চলবে।আর হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”
