করোনাভাইরাস: কাটছাঁট হতে পারে বৈশাখের অনুষ্ঠানও
ছোঁয়াচে রোগ কভিড-১৯ আতঙ্কের প্রভাব পড়তে পারে এবার মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখের অন্যান্য আয়োজনেও।
রোববার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তঃমন্ত্রণালয় সভায় নভেল করোনাভাইরাসের এই সময়ে বাংলা নববর্ষ ১৪২৭ উদযাপনের পরিধি কেমন হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি সংস্কৃতি মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের থেকে।
তবে নববর্ষের অনুষ্ঠান যদি লোকসমাগমে করা সম্ভব না হয় তাহলে রেকর্ড করে সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশনসহ সামাজিক মাধ্যমে প্রচারের পক্ষে মত দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সভায় অধিকাংশ আলোচক।
সভা শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে আমরা আরও সাত দিন অপেক্ষা করব, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
“কোনো কারণে সমাবেশ করা না গেলে বিকল্পভাবে আমাদের জাতীয় অনুষ্ঠান পহেলা বৈশাখ কীভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করা হবে।”
সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখের উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সভায় জানান তিনি।
তবে করোনাভাইরাসের ‘গতি-প্রকৃতির’ ওপর নির্ভর করবে এই প্রস্তুতি কীভাবে বাস্তবায়ন করা হবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “আমরা প্রয়োজনে ১০ দিন পর আরেকটি বৈঠক করবো এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে পহেলা বৈশাখ উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। এর মধ্যে আমরা করোনাভাইরাসের গতি-প্রকৃতির দিকে নজর রাখবো।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের আবশ্য অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’।এই শোভাযাত্রায় থাকে বিভিন্ন ধরনের প্রতিকী শিল্পকর্ম। থাকে বাংলা সংস্কৃতির পরিচয়বহনকারী নানান উপকরণ, রঙ-বেরংয়ের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিলিপি।
আর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বৈশাখের প্রথমদিনের সকালবেলায় এতে অংশগ্রহণ করে চারুকলার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষ।
করোনাভাইরাসের কারণে বর্ষবরণের দিনে এই দুইটি অনুষ্ঠান করা সম্ভব না হলে বিকল্প পরিকল্পনা তুলে ধরেন সংগঠন দুটির প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধের একটি দাবি ছাত্র-শিক্ষকদের মধ্যে থেকে আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।
“যদি পরিস্থিতি এমন হয় যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, তাহলে তো ছেলেমেয়েরা আসতে পারবে না। জীবনের গুরুত্ব সবার আগে। বড় কাজ করার জন্য এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়।”
পরিস্থিতি প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থায় মঙ্গল শোভাযাত্রার আয়োজনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা মনে হয় ভালো সহসায় হবে না। খারাপের দিকেই যাচ্ছে। তখন একটা ছোট আকারে কিছু করার চিন্তা আছে। প্রয়োজনে স্বল্প আকারে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। বিশ্ববিদ্যায়ের টিএসসি-নীলক্ষেত এলাকায় তখন সীমাবদ্ধ করে রাখা হবে।”
ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল বলেন, “পহেলা বৈশাখে যথারীতি আমরা যা করি তাই করার ইচ্ছা আমাদের আছে। তবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, সরকারের সিদ্ধান্ত তো মানতে হবে।”
প্রভাতী আয়োজন নিয়ে ছায়ানটের প্রস্তুতি থাকবে জানিয়ে তিনি বলেন, “শেষ সময় পর্যন্ত যদি অনুষ্ঠান করা সম্ভব না হয় তাহলে বিটিভি বা অন্যান্য মাধ্যমে জনগণের অংশগ্রহণ ছাড়া কেবল অনুষ্ঠানটি প্রচার করা যায় কি না সেই বিষয়ে ভাবতে পারি আমরা।”
দুই প্রতিষ্ঠানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, “মুজিব শতবর্ষের অনেক অনুষ্ঠানই রেকর্ড করে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। একইভাবে ছায়ানটও আগে রেকর্ড করে রাখলে নির্দিষ্ট সময়ে তা প্রচারের বিষয়ে ব্যবস্থা করা যায় কি না তা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।”
এতে সায় জানিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, “সেটাই ভালো হবে; যদি সমাগত বন্ধের সিদ্ধান্ত হয় তাহলে আগে থেকে বটমূলেই রেকর্ড করে রাখলে পহেলা বৈশাখের দিন তা প্রচার করা যায়।”
প্রতিবছর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করে থাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
তবে নভেল করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে না এলে এবার পহেলা বৈশাখের আয়োজন না করার সিদ্ধান্ত জানিয়েছে তারা।
এ নিয়ে সাংস্কৃতির জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই।মানুষের প্রতি সমমর্মিতা থাকতে হবে। যদি পরিস্থিতি অনুকূলে আসে তাহলে আমরা অনুষ্ঠান করবো।”
সভায় অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
