কাদের গনি-শহিদুলই বিএনপি সমর্থিত ডিইউজের নেতৃত্বে
বিএনপি সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের গনি চৌধুরী ও শহিদুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ১ হাজার ৬৩৯ জন সদস্যের মধ্যে ১ হাজার ৮১ জন সদস্য ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য এই নেতৃত্ব নির্বাচন করেন।
সভাপতি পদে কাদের গনি চৌধুরী ভোট পেয়েছেন ৮৭৮টি। তারা প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলামের ভোটের সংখ্যা ৮৪১। তার প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- কোষাধ্যক্ষ পদে আনোয়ারুল হক (৮৯৩ ভোট), প্রচার সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন (৯৩৬ ভোট), জনকল্যাণ সম্পাদক পদে মাহমুদা সুলতানা (৮৩৬ ভোট), দপ্তর সম্পাদক পদে ডি এম ওমর (৭০২ ভোট)।
নির্বাহী সদস্যরা হলেন- ক্রমানুসারে রফিক মুহাম্মদ (৮৪৫ ভোট), শহিদুল ইসলাম (৮০৮ ভোট), খন্দকার হাসনাত করিম পিন্টু (৭২৯ ভোট), আবুল হোসেন খান (৬৮৮ ভোট), কাজী তাজিম উদ্দিন (৬৭৭ ভোট), জেসমিন (৭০২ ভোট), রফিক লিটন (৬৩৭ ভোট) ও আব্দুল হালিম (৬২৬ ভোট)।
