২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, একজন আটক

ঢাকার বনানীতে এক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর তার তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2020, 12:35 AM

Updated : 18 Aug 2022, 02:41 PM

শেহজাদ খান (৪৫) নামের ওই ব্যবসায়ীকে বনানীর হোটেল ড্রিমের সামনে থেকে অজ্ঞান অবস্থায় বুধবার ভোরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তার বড় ভাই কামাল হোসেন বুধবারই বনানী থানায় একটি মামলা করেন। তবে এতে কাউকে আসামি করা হয়নি।

পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চালাচ্ছেন। কয়েকজনকে চিহ্নিতও করেছেন।

এদের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তার সংশ্লিষ্টতা কতটুকু তা খতিয়ে দেখছি।”

শেহজাদ একজন আমদানি-রপ্তানিকারক ছিলেন জানিয়ে তার ভাই কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, সে বিষয়ে পরিবারের কোনো ধারণা নেই। এমন কোনো শত্রুও তাদের নেই।

বুধবার ভোরে কামাল আতাতুর্ক এভিনিউর সুইট ড্রিম হোটেলের সামনে শেহজাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (শেহজাদ) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের পাশাপাশি শরীরের ভেতরে অ্যালকোহল পাওয়া গেছে। তার হার্টও বড় ছিল।”

কী কারণে তার মৃত্যু হয়েছে- এ প্রশ্নে তিনি বলেন, “শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করে ভিসেরার জন্য পাঠানো হয়েছে। এসবের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।”

পুলিশ জানায়, হোটেলের সিসি ক্যামেরায় শেহজাদকে ওই হোটেলে মঙ্গলবার রাতে ঢুকতে দেখা গেছে। এছাড়া হোটেলের ভেতরে এবং বাইরে একজনের সঙ্গে তার বেশ কয়েক দফা কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ভোর ৪টার দিকে হোটেলের বাইরে আসেন শেহজাদ। সেখানে একজনের সাথে হাতাহাতির পর অচেতন হয়ে পড়েন। পরে কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, শেহজাদ তাদের গ্রাহক ছিলেন। রাত ১১টার পর হোটেলের বার বন্ধ হয়ে যাওয়ার পর তাকে চলে যেতে বলা হলেও তিনি যাননি। পরে অন্য একজনের সঙ্গে রাত ২টার দিকে বের হয়ে যান।

বড় ভাই কামাল হোসেন জানান, বি কে ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি রয়েছে তার। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে সরবরাহের কাজও করতেন। সম্প্রতি একটি বড় কাজও পেয়েছিলেন তিনি।

কামাল জানান, শেহজাদের প্রথম স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে বিচ্ছেদ ঘটে। তাদের মেয়েকে নিয়ে ওই স্ত্রী এখন যুক্তরাষ্ট্রের থাকেন। বছর খানের আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এই স্ত্রীকে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে থাকতেন তিনি।

পারিবারিক কোনো কারণে শেহজাদ খুন হতে পারেন কি না- এ প্রশ্নে কামাল হোসেন বলেন, ব্যবসায়িক কারণে হয়ে থাকতে পারে।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে শেহজাদের বাড়ি, সেখানেই বৃহস্পতিবার বিকালে তার দাফন হয়েছে।