২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন রাস্তা-ই আমাগো ঠিকানা’

অন্যদের মতোই আনন্দ-বিষাদে কাটছিল জীবন, অনেকের ঘরেই টেলিভিশন-ফ্রিজও ছিল, কীভাবে আরেকটু ভালো থাকা যায় সেই চিন্তায় পার হচ্ছিল প্রতিটি দিন; কিন্তু বস্তিতে আগুন ঘুরিয়ে দিয়েছে খেটে-খাওয়া মানুষগুলোর চিন্তারও ধরন।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 09:27 PM

Updated : 10 Oct 2022, 07:02 PM

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ঝিলপাড় বস্তিতে বুধবারের আগুনে পুড়েছে কয়েকশ ঘর, গৃহহীন এসব মানুষ এখন দাঁড়িয়েছেন রাস্তায়।

সহায়-সম্বলহীন মানুষগুলোর এখন আর পাওয়া- না পাওয়ার হিসাব নেই, কীভাবে বেঁচে থাকা যাবে তা নিয়েই ভাবছেন তারা।

“এখন যে কী করমু সেইটা তো মালিকে জানে। কষ্টের জীবনটাই। খুব কষ্ট করি, জানেন? এই বয়সেও মাটি কাটার কাজ করি,” বৃহস্পতিবার পোড়া বস্তিতে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন ষাটোর্ধ্ব রহিমা বেগম।

নিজের ঘরের সামনে দাঁড়িয়ে পোড়া জিনিসপত্র হাতড়াচ্ছিলেন এই বৃদ্ধা। আর বিড় বিড় করে বলছিলেন, “পরনের একটা কাপড়ও নিতে পারলাম না। সব পুইড়া ছাই হয়া গেছে।”

এক ছেলে ও এক মেয়ের মা রহিমা তিন হাজার টাকা ভাড়ায় একাই থাকতেন এই ঘরে। পাশের আরেকটি ঘরে থাকতেন তার ছেলে, ছেলের বউ আর নাতি-নাতনী।

সন্তানরা ছোট থাকতেই তার স্বামী মারা যান। তারপর থেকেই অনেক কষ্টে তিনি ছেলে-মেয়েদের বড় করেছেন বলে জানান। মেয়ের বিয়েও দিয়েছেন।

আগুন লাগার পর ঘর থেকে কিছুই বের করতে পারেননি জানিয়ে রহিমা বলেন, সারা রাত খোলা আকাশের নিচেই কেটেছে তার।

সব হারানোর এই দশা থেকে একটু সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ পেতে সরকারি আশ্রয় বা সহায়তা চাইলেন এই নারী।

“আমাদের এখন কিছু সাহায্য করলে অনেক উপকার হইত। এখন তো আমাদের কিচ্ছু নাই, হাতে কোনো টাকাও নাই। কেমনে থাকমু?,”বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।

বৃহস্পতিবার পুড়ে যাওয়া ওই বস্তিতে গিয়ে দেখা যায়, অনেকেই পোড়া টিনের চাল, মালামাল বের করার চেষ্টা করছেন। পাশের রাস্তায় শুয়ে- বসে আছেন অনেকেই। লাইন ধরে খাবার সংগ্রহ করছেন এক দল। কেউ আবার পুড়ে যাওয়া বস্তিতে গিয়ে ফেলছেন দীর্ঘশ্বাস।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট পৌনে তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততোক্ষণে আগুনে পুড়েছে রহিমা বেগমের মতো হাজারও মানুষের থাকার আশ্রয়, মালামাল, কাপড়-চোপড়সহ সব কিছু। কেউ কেউ জরুরি কিছু জিনিসপত্র বের করে আনতে পারলেও অধিকাংশই জীবন নিয়ে বেরিয়ে এসেছেন।

আগুনে নিঃস্ব হয়ে যাওয়া শারীরিক প্রতিবন্ধী হীরা মিয়া এই মাসের ১ তারিখে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি দোকান ভাড়া নিয়েছিলেন।

দেড় বছর আগে এক দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন। হুইল চেয়ারে বসেই বস্তিতে দোকান চালাতেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে হীরা মিয়া বলেন, “৫০ হাজার টাকা দিয়া মাল তুলছিলাম, কিন্তু আগুনে সব শেষ। লুইটা পুইটা নিয়া গেছে। আমি তো পঙ্গু মানুষ। অচল দেইখা কিচ্ছু নিতে পারি নাই, আমার ছোট্ট পোলাটা আমারে নিয়া বের হইছে, নয়ত মইরাই যাইতাম।”

পাঁচ মেয়ে ও তিন ছেলে রয়েছে হীরা মিয়ার। গার্মেন্টে চাকরি করা দুই মেয়ের টাকায় তার সংসার চলত। কিন্তু নিজে কিছু করার জন্য দোকানে চা-বিস্কুট বিক্রি শুরু করেছিলেন।

“মেয়েদের কাছ থেকে টাকা নিয়া দোকানটা দিছিলাম, সব তো শেষ হয়া গেল। অনেক আশা কইরা দোকান দিছিলাম। লাভও হইতাছিল, কিন্তু আমার কপালে সুখ নাই। কী আর করুম!”

রাতে মিরপুর ২ নম্বরে এক পরিচিতজনের বাসায় ছিলেন বলে জানান তিনি।

বস্তিতে আগুন লাগার সময় অন্যের বাসায় কাজ করছিলেন পাখি। খবর পেয়ে এসে দেখেন সব শেষ। বস্তিতে ২৩টি ঘরে পাখির শ্বশুরবাড়ির সব আত্মীয়-স্বজন থাকেন।

তারা কেউই কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান পাখি।

টিভি, ফ্রিজ, শো-কেইস, র‌্যাকসহ প্রায় ‘আড়াই লাখ টাকার’ মালামাল ছিল তার ঘরে।

“আমার শ্বশুর বাড়ির চৌদ্দ গুষ্টি এইখানে থাকে। কেউ কিচ্ছু নিতে পারে নাই। শুধু জানটা বাঁচাইতে পারছে। এইটাতেই শান্তি। মাল তো করা যাইব। তয়, অনেক কষ্টের জিনিস আছিল,” বলেন মধ্যবয়সী এই নারী।

সেদিন তাড়াহুড়া করে বের হতে গিয়ে তারকাঁটা ফুটেছিল কামরুল হাসানের পায়ে।

ঘটনা সম্পর্কে এই রাজমিস্ত্রী বলেন, “শরীরটা ভালো লাগতেছিল না, তাই কামে যাই নাই। সকাল ১০টার দিকে আগুন লাগছে শুনছি, পরে সবাইরে বইলা দৌড়ায় বের হইছি।”

তিন হাজার টাকায় ভাড়ায় বস্তির একটি রুমে পরিবার নিয়ে থাকতেন তিনি।

বৃহস্পতিবার স্ত্রী রেবেকা সুলতানা ও দুই বছরের সন্তানকে নিয়ে রাস্তায়ই বসে ছিলেন কামরুল।

রেবেকা গার্মেন্টে চাকরি করেন। আগুনের সময়ও তিনি কাজে ছিলেন।

রেবেকা বলেন, “সারা মাসের বাজার ছিল। চাল, ডাল সব কিছু। খাট, টিভি, র‌্যাক, ফ্যান, লাইট, সব শেষ। এখন রাস্তা-ই আমাগো ঠিকানা।”

কোলের সন্তানের দিকে তাকিয়ে তিনি বলেন, “এতটুকু বাচ্চারে নিয়া কী যে কষ্ট! কেন এমন হইল? গরিবের কেন এত কষ্ট?”

রাতে একটি বাসার গ্যারেজে ঘুমিয়েছিলেন বলে জানান তিনি।

“রুম খুঁজতাছি, পাইতাছিও না। পাইলে তো থাকার একটা জায়গা হত,” বলেন রেবেকা।

বস্তির বাসিন্দা গাড়িচালক আক্কাস আলীর ভাগ্নির বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার। এ উপলক্ষে ঘরে টাকা রেখেছিলেন, তিন বছরের ছেলেকে কিনে দিয়েছিলেন নতুন কাপড়। কিন্তু আগের দিনের আগুনে পুড়েছে তার সব।

তিনি বলেন, “বিয়ের জন্য রাখা ১৫ হাজার টাকা ঘরেই পুড়ে গেছে। মালামাল তো সব পুড়েছেই।

“সবই তো গেছে। অনেক কষ্ট করে করছি, কী করব আর? আল্লাহ কপালে রাখছে। ভাগ্নির বিয়েটা পিছায় গেল।”

১৯ বছর ধরে এই বস্তিতেই থাকেন তুষার আহমেদ বাবু। এই প্রথম এখানে আগুন লেগেছে বলে জানালেন তিনি।

বাবু বলেন, “আমাদের ওইখানটায় ৯৬টা ফ্যামিলি ছিল। সবাইকে বের করে আনতে চাইছি, শুধু চিন্তা করছি, মানুষ বাঁচুক। তাই কিচ্ছু বের করার সময় পাই নাই।”

ফ্ল্যাটের অনেক ভাড়া হওয়ায় এই বস্তিতেই পরিবার নিয়ে থাকতেন তিনি।

“কালকে সারা রাত রাস্তায় থাকছি, খাবার দিলে খাইছি, নয়ত খাই নাই। রাস্তায়, মাঠে যে যেখানে পারছে থাকছে। আমাদের এইখানটায় আগুন নিভে গেছিল। কিন্তু ১২টার দিকে হঠাৎ বাতাসে কেমনে জানি আগুন বাইড়া গেল আবার!”

পুড়ে যাওয়া এই বস্তির বাসিন্দাদের জন্য এগিয়ে এসেছে স্থানীয় ছাত্রলীগ। তাদের উদ্যোগে খাবার রান্না করে বিতরণ করা হচ্ছে।

বস্তির বাসিন্দারা আশায় আছেন সরকারি সহায়তার।

“সরকার যদি একটা থাকার জায়গার ব্যবস্থা করত আমাদের, এতগুলা মানুষ কয়দিন রাস্তায় থাকা যায়?,” বলেন বাবু।