২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী-মহাখালীর ফুটপাত থেকে টং দোকান উচ্ছেদ

সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে রাজধানীর বনানী ও মহাখালী এলাকার ফুটপাত থেকে বেশ কয়েকটি টং দোকান তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 07:16 PM

Updated : 10 Oct 2022, 07:02 PM

বৃহস্পতিবার সকালে বনানী ২ ও ৪ নম্বর সড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান এই অভিযানের নেতৃত্বে ছিলেন।

বনানী এলাকায় উচ্ছেদ শেষে বেলা ১১টার দিকে মহাখালীতে বিএসটিআইয়ের আবাসিক এলাকায় আসেন উচ্ছেদকারীরা। এই সময় সেখানে গলিপথের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি নগর কর্তৃপক্ষের নিয়মিত কাজের অংশ। ফুটপাতকে জনসাধারণের চলাচল উপযোগী করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহাখালীর উচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, এখানে একটি প্রশ্বস্ত রাস্তা রয়েছে জনসাধারণের হাঁটাচলার জন্য।

“কিন্তু এখানে যেভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে, তাতে মানুষের চলাচলের ন্যূনতম কোনো সুযোগ নেই। পাশাপাশি কিছু অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান তাদের মালপত্র রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা সেগুলোও অপসারণ করছি।”

মহাখালীতে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাজিস্ট্রেট এসে ১০ মিনিটের মধ্যে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব হয়নি। ফলে আমার দুটি ফ্রিজসহ বেশ কিছু মালামাল ভাংচুর হয়েছে।”

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, উচ্ছেদে বাধা দিতে গেলে কয়েকজনকে ধরা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সিটি করপোরেশনের একজন ঠিকাদারকে ১০ হাজার টাকা এবং একটি টং দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।